
জাপানের উত্তরাঞ্চলে আজ সোমবার ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) এ তথ্য দিয়েছে। এ ভূমিকম্পের প্রভাবে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি হতে পারে বলে সতর্কতা জারি করেছে জেএমএ।
আজ জাপানের স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটের দিকে প্রশান্ত মহাসাগরে জাপানের উত্তরাঞ্চলীয় ইওয়াতে উপকূলের কাছে এ ভূমিকম্প অনুভূত হয়। এর তীব্রতা এতটাই যে শত শত কিলোমিটার দূরে অবস্থিত টোকিও শহরের বড় বড় ভবনও কেঁপে উঠেছে।
জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, ভূমিকম্পের প্রায় ৪০ মিনিট পর ইওয়াতের কুজি বন্দরে ৮০ সেন্টিমিটার (৩১ ইঞ্চি) উচ্চতার একটি সুনামির ঢেউ আঘাত হানে। সংস্থাটি উপকূলীয় অঞ্চল ও নদীর তীরবর্তী এলাকায় থাকা মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করেছে। সুনামির কারণে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
জনগণকে উদ্দেশ করে জাপানের আবহাওয়া সংস্থা আরও বলেছে, ‘সুনামির ঢেউ বারবার আঘাত হানতে পারে। সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত নিরাপদ স্থান ত্যাগ করবেন না।’
জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকেতে ইওয়াতের কয়েকটি বন্দরের ফুটেজ সম্প্রচার করা হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে বন্দরগুলোয় বড় কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।
এক টেলিভিশন ব্রিফিংয়ে আবহাওয়া সংস্থার এক কর্মকর্তা সতর্ক করে বলেন, এলাকায় আরও ভূমিকম্প হতে পারে।
জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, পরিস্থিতি সামাল দিতে একটি সংকটকালীন ব্যবস্থাপনা দল গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সাংবাদিকদের বলেন, ‘যেসব এলাকায় সতর্কতা জারি করা হয়েছে, সেসব স্থানের বাসিন্দাদের দ্রুত উঁচু ও নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করছি।’ তিনি আরও বলেন, ভূমিকম্পে কেউ হতাহত হয়েছে কি না বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত করার চেষ্টা করছে সরকার।