
ইসরায়েলের কারাগার থেকে ৪০ বছর পর মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি অধিকার আন্দোলনের নেতা করিম ইউনুস। তাঁর মতো এত দীর্ঘ সময় কোনো ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে বন্দী ছিলেন না। বর্তমানে তাঁর বয়স ৬৬ বছর।
স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে তেল আবিবের হাদারিম কারাগার থেকে করিম ইউনুস বের হন। তাঁর বাড়ি ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনি গ্রাম আরাতে। তাঁর মুক্তির খবর পেয়ে গ্রামটি লোকে লোকারণ্য হয়ে যায়।
করিম ইউনুসকে ১৯৮৩ সালে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ইসরায়েল অধিকৃত সিরিয়ান গোলান মালভূমিতে এক ইসরায়েলি সেনাকে হত্যার অভিযোগ আনা হয়েছিল।
গ্রামে আসার পর এক টিভি সাক্ষাৎকারে ইউনুস করিম বলেন, ‘আমার কারাবন্দী অন্য ভাইয়েরা মুক্তি পেলে আমি আরও খুশি হতাম। আমি মুক্ত হয়েছি, কিন্তু আমি তাঁদের কারাগারে রেখে এসেছি।’ তিনি বলেন, ‘আমি আশা করি, খুব শিগগির অন্য বন্দীদের মুক্তিও আমরা উদ্যাপন করতে পারব।’
আরা এলাকা থেকে আল-জাজিরার প্রতিবেদক ইমরান খান জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় ইউনুস কারাগার থেকে বের হন। খবর পেয়ে তাঁকে বরণ করতে গ্রামের রাস্তায় হাজার হাজার মানুষ বেরিয়ে আসেন।
ইমরান খান বলেন, করিম ইউনুস ছিলেন ফিলিস্তিনি অধিকার আন্দোলনের সামনের সারির গুরুত্বপূর্ণ নেতা। সেনা হত্যার অভিযোগে যখন তাঁকে গ্রেপ্তার করা হয়, তখন তাঁকে ফিলিস্তিনি রাজনীতির প্রতিশ্রুতিশীল নেতা হিসেবে গণ্য করা হতো।
ইসরায়েলের কারাগারে থাকা অধিকাংশ বন্দী অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি নাগরিক। তবে ইউনুস ছিলেন ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনি।
সাংবাদিক ইমরান খান বলেন, ফিলিস্তিনিরা বলছেন, করিম ইউনুস ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে কথা বলতেন। অথচ ইসরায়েল ফিলিস্তিন অঞ্চল দখলকে তাদের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দাবি করে আসছে। ইউনুসকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে তাঁর এই দণ্ড ৪০ বছর করা হয়। কারাভোগের পূর্ণ মেয়াদকাল শেষ হওয়ার পরই তাঁকে মুক্তি দেওয়া হলো।
ইউনুসকে মুক্তি দেওয়ার আগে ইসরায়েলের সামরিক গোয়েন্দারা আরা গ্রামে তাঁর বাড়ি পরিদর্শন করেন। তাঁর মুক্তি উপলক্ষে কোনো ধরনের উদ্যাপন করতে নিষেধ করেন সেনারা। তবে জনসমাগম বলছে, তাঁর পরিবার ও গ্রামবাসী ইসরায়েলি সেসব নিষেধাজ্ঞা মানতে পারছে না।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কারাগারের সামনে গণজমায়েত এড়াতে পূর্বঘোষণা ছাড়াই ইউনুস করিমকে ভোরে মুক্তি দেওয়া হয়। এরপর পুলিশের গাড়িতে করে তাঁকে তেল আবিবের উত্তরে রানানার কাছে একটি বাসস্টেশনে নামিয়ে দেওয়া হয়।
বাসস্টেশনে নামিয়ে দেওয়ার পর ইউনুস করিম এক পথচারীর মুঠোফোন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁর এক স্বজন তাঁকে সেখান থেকে গ্রামের বাড়িতে নিয়ে যান।
গ্রামে ফেরার পরই ইউনুস তাঁর মায়ের কবর জিয়ারত করেন। মা তাঁর ছেলের মুক্তি দেখে যেতে পারেননি। আট মাস আগে তিনি মারা যান। মায়ের কবরের সামনে দুঃখভারাক্রান্ত মনে বসে থাকা করিম ইউনুসের কয়েকটি ছবি স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।