বিশ্বকাপ উপলক্ষে কাতারে চোখধাঁধানো প্রমোদতরি, সপ্তাহে ভাড়া ৫ কোটি টাকা

সালুজি কাতারের রাজধানী দোহায় এসে পৌঁছায় গত ২৪ নভেম্বর
ছবি: টুইটার থেকে নেওয়া

‘দ্য পার্ল’ বা মুক্তা। দ্বীপটির অবস্থান কাতারের রাজধানী দোহায়। পর্যটকদের মন কাড়ার জন্য কী নেই সেখানে! রাস্তাজুড়ে সারি সারি অভিজাত সব হোটেল। হোটেলের কক্ষের ব্যালকনিতে দাঁড়ালে সামনে সমুদ্রের নীল পানি। ফুটবল বিশ্বকাপ ঘিরে দ্বীপটি এখন আরও সরগরম হয়ে উঠেছে।

দ্য পার্ল দ্বীপটি কিন্তু মানুষের হাতে গড়া। ২০০৪ সালে এর কাজ শুরু হয়েছিল। দ্বীপটির নামকরণ করা হয়েছে এ এলাকায় বহুদিন ধরে চলে আসা একটি পেশাকে ঘিরে। একসময় সেখানে ব্যাপক হারে সাগর থেকে মুক্তা আহরণ করা হতো। তবে জ্বালানি তেলের সন্ধান পাওয়ার পর এখন মুক্তা আহরণের পরিমাণ কমে এসেছে।

দ্বীপটির সৈকতজুড়ে সব সময়ই মানুষের আনাগোনা থাকে। কেউ পোষা কুকুর নিয়ে হাঁটেন, কেউ আবার রোদে শুয়ে শরীরটা তাপিয়ে নেন। অনেককেই দেখা যায় সৈকতে ছোট্ট বন্দরে থাকা প্রমোদতরিগুলো থেকে প্রকৃতির স্বাদ নিতে।

বিলাসবহুল এসব প্রমোদতরির অনেকগুলোই সারা বছরই বন্দরটিতে থাকে। অনেকগুলোই আবার এসেছে কাতার বিশ্বকাপ উপলক্ষে। বিশ্বকাপের খেলা দেখতে আসা ফুটবলভক্তদের জন্য সেগুলোতে রয়েছে জমকালো সব সুযোগ-সুবিধা ও সাজসজ্জা। এমনই একটি প্রমোদতরি ‘সালুজি’।

সালুজি দোহায় এসে পৌঁছায় গত নভেম্বরের ২৪ তারিখ। প্রমোদতরিটির ভেতরে যেন ভিন্ন এক জগৎ। তিনতলায় রয়েছে ১৬টি কেবিন। ভিআইপি কেবিনগুলোয় রয়েছে আলাদা ব্যালকনি। আর ৩৫ জন কর্মচারী সব সময় অতিথিদের সেবায় হাজির। সালুজিতে এক সপ্তাহ থাকতে হলে খরচ করতে হবে প্রায় ৪ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশের হিসাবে প্রায় ৫ কোটি টাকা।

তবে পকেট থেকে এই অর্থ খসিয়ে হয়তো কোনো আফসোস থাকবে না অতিথিদের। কারণ, সালুজিতে পা রাখার সঙ্গে সঙ্গেই তাঁদের দেওয়া হয় আলাদা জুতা, স্বাগত জানানো হয় বিশেষ পানীয় দিয়ে। প্রমোদতরিতে সব সময় বাজতে থাকে পিয়ানোর সুর। এই সুর শুনতে শুনতে গা ভিজিয়ে নেওয়া যাবে কেবিনের বাইরে উন্মুক্ত অংশে থাকা গরম পানির বাথটাবে। চাইলে সাঁতরে আসা যাবে সাগরের পানিতেও। সে জন্য আছে আলাদা প্রশিক্ষক।

শারীরিক কসরতের জন্য সালুজিতে আছে নানা সরঞ্জামে সাজানো একটি জিম। এর বিপরীত পাশেই চোখ ধাঁধানো স্পা। ইচ্ছা হলে সেখানে শরীর মালিশ করিয়ে নেওয়া যাবে। চুল কাটার জন্য আছে একটি সেলুন। কেউ যদি সিনেমা দেখতে চান, তাঁদের জন্য রয়েছে একটি থিয়েটার। বইপাগল হলেও সমস্যা নেই। পড়ালেখা করা যাবে আলাদা একটি কক্ষে।

প্রমোদতরিটিতে রয়েছে খেলাধুলার ব্যবস্থাও। সেটির পেছনের অংশে গিয়ে গলফ খেলে হাত ঝালিয়ে নেওয়া যাবে। অনেকের মনে হবে, সাগরের পানিতে গলফের প্লাস্টিকের বল পড়া মানে তো পরিবেশদূষণ। তবে এখানে সে সমস্যা নেই। কারণ, বলগুলো পানিতে পড়ার পর গলে গিয়ে পরিণত হবে মাছের খাবারে। তরিতে রয়েছে পোকার খেলার সুযোগও।

মোদ্দাকথা সালুজিতে থাকা অতিথিদের জন্য যেন একটুও একঘেয়ে না হয় সে জন্য সব ব্যবস্থাই রয়েছে। সব সময় প্রস্তুত খাবার। আর সেটি সব সময় রাখা হয় ঝাঁ চকচকে-নিখুঁত। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সব সময় ব্যস্ত থাকেন কর্মীরা। যেমন কেউ কেবিনের বাইরে গেলে, একদল কর্মী সেখানে ঢুকে সবকিছু আগের মতো সাজিয়ে-গুছিয়ে রাখবে।

সালুজির ক্যাপ্টেন আসপারুহ চরবাদঝেইভ। এ কাজে ৪০ বছরের অভিজ্ঞতা তাঁর। তিনি বলেন, ‘আমাদের প্রমোদতরিতে ৩২ জন অতিথি একসঙ্গে থাকতে পারেন। কেউ যদি একটু একান্ত সময় কাটাতে চান, তাহলে একটি কিংবা দুটি কেবিন ভাড়া নিতে পারেন। তবে কাজে সহায়তার জন্য বাড়তি লোকজন আনার সুযোগও আছে।’

কাতারে সালুজিতে যেসব অতিথি রয়েছেন, তাঁদের সবাই হয় জনপ্রিয় তারকা, না হয় ধনকুবের ব্যবসায়ী। তবে তাঁদের পরিচয় সামনে আনেননি আসপারুহ চরবাদঝেইভ।

তাঁর ভাষ্যমতে, সালুজি বিশ্বজুড়েই ঘুরে বেড়ায়। বছরের গ্রীষ্মকালে এটি সাধারণত থাকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে। আর শীতের সময় এটি চলে যায় দূর প্রাচ্যে; কখনো কখনো মালদ্বীপ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, হংকং অথবা কাতারের মতো উপসাগরীয় দেশগুলোতে।