
মাত্র আধা ঘণ্টাতেই বদলে গেল দুটি বিলাসবহুল হাতব্যাগের মালিকানা। নিলামে দর হাঁকাহাঁকি শেষে ভিয়েতনামের কারাবন্দী ধনকুবের চুয়োং মি লানের এ দুটি হাতব্যাগ বিক্রি হয়ে গেল ৫ লাখ ৩৫ হাজার ডলারের বেশি মূল্যে। টাকার অঙ্কে এটি সাড়ে ছয় কোটির বেশি।
দুটি ব্যাগই ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড এরমেসের বিরকিন ব্যাগ। কারাবন্দী চুয়োং মির কাছ থেকে এগুলো জব্দ করা হয়েছিল। এর মধ্যে বেশি আলোচনায় ছিল সাদা রঙের একটি ব্যাগ। সরকারিভাবে আয়োজিত নিলামে সেটির দাম উঠেছে ৪ লাখ ৪০ হাজার ১৪৪ ডলার। আর অন্য ব্যাগটি বিক্রি হয়েছে ৯৪ হাজার ৮৫৮ ডলারে।
চুয়োং মি ভিয়েতনামের একটি বড় ব্যাংক থেকে অর্থ আত্মসাতের দায়ে বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। একই সঙ্গে তাঁকে ক্ষতিপূরণ হিসেবে ২ হাজার ৭০০ কোটি ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালের এপ্রিলে চুয়োং মিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আদালতের রায়ে বলা হয়েছিল, তিনি গোপনে ভিয়েতনামের পঞ্চম বৃহত্তম ঋণদাতা সাইগন কমার্শিয়াল ব্যাংক নিয়ন্ত্রণ করতেন। ১০ বছরের বেশি সময় ধরে তিনি বেশ কিছু কাগুজে কোম্পানির নামে ব্যাংক থেকে ঋণ ও নগদ অর্থ বের করে নিয়েছেন। এভাবে আত্মসাৎ করা অর্থের মোট পরিমাণ ছিল ৪ হাজার ৪০০ কোটি ডলার।
তবে ভিয়েতনাম বিভিন্ন ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করায় গত জুনে এই ধনকুবেরের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়।
বিচার চলাকালে চুয়োং তাঁর ওই দুটি ব্যাগ নিজের কাছে রাখার চেষ্টা করেছিলেন। আদালতকে চুয়োং বলেছিলেন, একটি ব্যাগ তিনি ইতালি থেকে কিনেছেন এবং অন্যটি মালয়েশিয়ার এক ব্যবসায়ী উপহার দিয়েছেন।
চুয়োং আরও বলেছিলেন, ব্যাগ দুটি তিনি তাঁর সন্তান ও নাতি-নাতনিদের জন্য ‘স্মৃতিচিহ্ন’ হিসেবে রেখে যেতে চান।
স্থানীয় গণমাধ্যমের তথ্য বলছে, গত সোমবার হো চি মিন সিটি অ্যাসেট অকশন সার্ভিস সেন্টারে বিভিন্ন সময় জব্দ করা ১ হাজার ২০০টি সম্পদ বিক্রির জন্য তোলা হয়। এর মধ্যে কুমিরের চামড়ার তৈরি এ ব্যাগ দুটিও ছিল।