
পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, পাকিস্তানের নতুন সেনাপ্রধান জেনারেল সাইদ আসিম মুনিরের সঙ্গে বর্তমানে তাঁর দলের কোনো সম্পর্ক নেই। গতকাল বুধবার বিবিসি উর্দুকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ২০২৩ সালের এপ্রিলেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও দাবি করেছেন তিনি। খবর জিও নিউজের।
ইমরান খান অভিযোগ করেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) কামার জাভেদ বাজওয়া সরকারকে দেশ শাসনে সহযোগিতা করছেন।
পিটিআই প্রধানের দাবি, ব্যাপক দর–কষাকষি আর সমঝোতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। জোট সরকারের নেতারা নিজেদের আইনের ঊর্ধ্বে রেখেছেন। কয়েক বছর আগে তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলাগুলো খারিজ হয়ে গেছে। ইমরান বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ১ লাখ ১০ হাজার কোটি রুপি মূল্যের দুর্নীতি মামলা খারিজ করে দিয়েছে।
শেহবাজ শরিফ, নওয়াজ শরিফ, আসিফ জারদারি ও মরিয়ম নওয়াজ—তাঁদের সবাইকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পাকিস্তানের অর্থনৈতিক সংকটের জন্য বর্তমান সরকারকে দায়ী করে ইমরান বলেন, তাঁর দেশের অর্থনৈতিক পরিস্থিতি আগে কখনোই এমন ছিল না। তিনি মনে করেন, বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ নির্বাচনই এসব সমস্যার একমাত্র সমাধান। চলমান অর্থনৈতিক সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইমরান বলেন, কোনো বিনিয়োগকারী কিংবা ব্যবসায়ী বর্তমান সরকারকে বিশ্বাস করে না। বিদেশি বিনিয়োগকারীরাও তাদের বিশ্বাস করে না।
ইমরান বলেন, বস্তুনিষ্ঠ এবং স্বচ্ছ নির্বাচনের জন্য তাঁর দল খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাব—এ দুটি প্রাদেশিক পরিষদ ‘উৎসর্গ’ করেছেন। পিটিআই প্রধান আরও আভাস দিয়েছেন, চলতি বছরের এপ্রিলেই সাধারণ নির্বাচন করার জন্য সরকার বাধ্য হবে।