
অস্ট্রেলিয়ার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ একাকিত্ব বোধ করেন বলে এক জরিপে উঠে এসেছে। আজ সোমবার প্রকাশিত সামাজিক সংযোগের বিষয়ে প্রথম ‘স্টেট অব দ্য নেশন’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গবেষণা ও অ্যাডভোকেসি সংগঠনগুলোর জাতীয় জোট এন্ডিং লোনলিনেস টুগেদার এই জরিপ চালায়।
১৮ থেকে ৯২ বছর বয়সী ৪ হাজারের বেশি অস্ট্রেলীয় নাগরিকের ওপর চালানো জরিপে দেখা গেছে, দেশটির ৩২ শতাংশ নারী ও ৩১ শতাংশ পুরুষ একাকিত্ব বোধ করেন।
প্রতিবেদনে বলা হয়, ১৮ থেকে ২৪ বছর বয়সী মানুষ অধিকাংশ সময় একাকিত্ব অনুভব করেন। সময়ের হিসাবে ৭৫ বছর বয়সীদের তুলনায় এই হার চার গুণ।
অস্ট্রেলিয়ার মহানগর এলাকার তুলনায় গ্রামাঞ্চলের মানুষের মধ্যে একাকী হওয়ার প্রবণতা কিছুটা বেশি দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলীয়রা যাঁরা একাকী বোধ করেন, তাঁরা সাধারণত শারীরিক কর্মকাণ্ডে কম যুক্ত, কর্মক্ষেত্রে কম উৎপাদনশীল হয়ে থাকেন। তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত হওয়ার ঝুঁকি বেশি।
অন্যদের তুলনায় একাকী অস্ট্রেলীয়দের হতাশ হওয়ার আশঙ্কা ৪ দশমিক ৬ গুণ এবং দীর্ঘস্থায়ী রোগ হওয়ার আশঙ্কা দ্বিগুণ বেশি।
গবেষণাপ্রতিষ্ঠান এন্ডিং লোনলিনেস টুগেদার’-এর চেয়ারম্যান মিশেল লিম প্রতিবেদনে বলেন, ‘একাকিত্ব আমাদের সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের অনেক দেশে জনস্বাস্থ্যের ক্ষেত্রে এটি অগ্রাধিকার হিসেবে স্বীকৃত। একাকিত্ব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর অর্থনৈতিক ও সামাজিক প্রভাব রয়েছে। তবে এ নিয়ে জনসচেতনতা ও উদ্যোগ খুব বেশি দেখা যাচ্ছে না।’
অস্ট্রেলিয়ার প্রথম ‘লোনলিনেস অ্যাওয়ারনেস উইক’ শুরু হওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
লিম বলেন, ‘একাকিত্বকে দুর্বলতা বা দোষের লক্ষণ হিসেবে দেখা উচিত নয়। একাকিত্ব বোধ করা আমাদের জন্য একটি সহজাত সংকেত, যা যোগাযোগ বা সংযোগের ক্ষেত্রে আমাদের মৌলিক চাহিদা ও সমাধানের কথা মনে করিয়ে দেয়। এটি বুঝতে পারাই হচ্ছে একটি সংযুক্ত অস্ট্রেলিয়া তৈরির প্রথম পদক্ষেপ।’
একাকিত্বের কথা জানানো ৩৯ শতাংশ মানুষ অস্ট্রেলিয়ার সবচেয়ে সুবিধাবঞ্চিত এলাকায় বসবাস করেন। এক-তৃতীয়াংশ মানুষ জানিয়েছেন, তাঁরা একাকী থাকার জন্য লজ্জা অনুভব করেন। ৫৮ শতাংশ বলেছেন, তাঁরা একাকিত্ব নিয়ে কথা বলা এড়িয়ে চলেন।