
থাইল্যান্ডের একটি আদালতে এক কারাবন্দী অধিকারকর্মী ও আইনজীবীকে নতুন করে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজতন্ত্রকে অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন করে এ সাজা ঘোষণা করা হয়েছে। আরনন নাম্পার আইনজীবী খবরটি জানিয়েছেন।
থাইল্যান্ডের লেজ মাজেস্তে আইনের (রাজা ও রাজতন্ত্রকে অবমাননাসংক্রান্ত আইন) আওতায় গতকাল ৩৯ বছর বয়সী আরনন নাম্পাকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আগে থেকেই অন্য এক মামলায় কারাভোগ করছেন। ২০২০ সালের এক সমাবেশে থাই রাজাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য গত সেপ্টেম্বরে তাঁর চার বছরের কারাদণ্ড হয়।
আইনজীবী ক্রিতসাদাং নুতচারাত বলেছেন, আরনন আদালতে অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, তিনি ভুল কিছু করেননি। আরননের পক্ষ থেকে আপিল করা হবে উল্লেখ করে আইনজীবী বলেন, প্রয়োজনে মামলাটি সুপ্রিম কোর্টে তোলা হবে।
আরননকে এখন প্রথম দফার কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় দফার কারাদণ্ড ভোগ করতে হবে। অর্থাৎ তাঁকে সব মিলিয়ে ৮ বছর কারাগারে থাকতে হবে।
মানবাধিকার আইনজীবী আরনন নাম্পা থাইল্যান্ডে রাজতন্ত্রের সংস্কার চেয়ে ব্যাংককে গণতন্ত্রপন্থী একটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে মোট ১৪টি মামলা দায়ের হয়েছে। গতকাল বুধবার দ্বিতীয় মামলার রায় দেওয়া হলো।
লেজ মাজেস্তে আইনের আওতায় রাজা বা রাজপরিবারের কোনো সমালোচনা করা যাবে না। এ আইনে দোষী সাব্যস্ত ব্যক্তির সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
আইনি সহায়তা সংগঠন থাই ল ইয়ারস ফর হিউম্যান রাইটসের তথ্য অনুসারে, ২০২০ সাল থেকে থাইল্যান্ডে লেজ মাজেস্তে আইনের আওতায় কমপক্ষে ২৬২ জনকে অভিযুক্ত করা হয়েছে।