
রোহিঙ্গাদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জাতিগত নিধন (জেনোসাইড) চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় এড়িয়ে যাওয়ার বা তা বাস্তবায়নে নেপিডোর গড়িমসি করার ‘কোনো বিশ্বাসযোগ্য ভিত্তি নেই’ বলে মন্তব্য করেছেন গাম্বিয়ার প্রধান আইনজীবী আরসালান সুলেমান। তিনি বলেন, আন্তর্জাতিক আইনে তারা এই রায় মানতে বাধ্য। অবশ্য মিয়ানমার এই রায়কে প্রত্যাখ্যান করেছে।
আইসিজের রায় ঘোষণার পর শক্তভাবে এর পক্ষে কথা বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। তারা আন্তর্জাতিক বিচার আদালতের রায় কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে প্রয়োজনে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে কঠোর সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জোরালো দাবি তুলেছে।
বৃহস্পতিবার দ্য হেগে দেওয়া এই যুগান্তকারী রায়ে রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করা, ক্ষতিপূরণ দেওয়া এবং জাতিগত নিধনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আইসিজের নিজস্ব কোনো রায় কার্যকরের ক্ষমতা নেই; রায় না মানলে বিষয়টি নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে।
এর বাইরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা আইসিজের রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।
মিয়ানমার রায় মানতে বাধ্য: গাম্বিয়া
মিয়ানমারের বিরুদ্ধে এই মামলার বাদী আফ্রিকার দেশ গাম্বিয়া। জাতিসংঘের সর্বোচ্চ আদালত থেকে রায় ঘোষণার পর বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে গাম্বিয়ার আইনজীবী সুলেমান বলেন, এই রায় আন্তর্জাতিক আইনে মানতে বাধ্য এবং মিয়ানমার পুরো বিচারপ্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। কেন তারা এই রায় বাস্তবায়ন করবে না, সে বিষয়ে মিয়ানমারের কোনো বিশ্বাসযোগ্য যুক্তি দাঁড় করানোর সুযোগ নেই।
আরসালান সুলেমান রোহিঙ্গাদের প্রত্যাবাসন, বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারের পুনর্মিলন এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আদালতের আদেশকে ‘সুদূরপ্রসারী’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, জাতিসংঘের সর্বোচ্চ আদালত থেকে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দায়ী করে দেওয়া এই রায় ভবিষ্যতের গণহত্যাসংক্রান্ত মামলাগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করবে।
২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সামরিক অভিযানে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসার পর ২০১৯ সালের নভেম্বরে আইসিজেতে মামলাটি করেছিল গাম্বিয়া। সাত বছর পর আসা এ রায় প্রায় এক দশক ধরে শরণার্থীশিবিরে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা রোহিঙ্গা ভুক্তভোগীদের মনে আশার সঞ্চার করবে বলে মনে করেন সুলেমান।
সুলেমান বলেন, ‘ভুক্তভোগীরা প্রায় ৯ বছর ধরে শরণার্থীশিবিরে কাটাচ্ছেন। নিঃসন্দেহে এটি অনেক দীর্ঘ সময়, ন্যায়বিচার যেন অধরাই মনে হচ্ছিল। তবে আমি মনে করি, আজকের এই রায় একটি আশার বার্তা দেবে, তাঁরা যে জাতিগত নিধনের শিকার হয়েছেন, তার জবাবদিহি নিশ্চিত হবে।’
প্রায় এক দশক ধরে শরণার্থীশিবিরে বিচারের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিতে এবং আদালতের নির্দেশ বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে মিয়ানমারের ওপর চাপ দেওয়ার আহ্বান জানান সুলেমান।
মিয়ানমারের প্রত্যাখ্যান, বাংলাদেশ ও ভারতের অবস্থান
বৃহস্পতিবার রায় ঘোষণার পর গতকাল শুক্রবার মিয়ানমারের নেপিডোতে দেশটির সরকারি মুখপাত্র খাইং খাইং সো অভিযোগ করেন, ১৫ বিচারকের মধ্যে ৯-৬ ভোটের ব্যবধানে দেওয়া এই রায় ‘অন্যায্য’। এটি সর্বসম্মত নয়। সেনাবাহিনী কেবল বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল দাবি করে তিনি বলেন, মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।
বিপরীতে রায়ের পরপরই বাংলাদেশ ও ভারত রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের ওপর জোর দিয়েছে। বাংলাদেশ এই রায়কে স্বাগত জানিয়ে বলেছে, মিয়ানমার তা বাস্তবায়নে আইনত বাধ্য এবং এই সিদ্ধান্ত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ সুগম করবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালও রোহিঙ্গাদের ‘নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনে’ নয়াদিল্লির অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের আশ্রয়শিবিরে ‘অপারেশন ইনসানিয়াত’-এর মাধ্যমে বিপুল পরিমাণ ত্রাণসহায়তা দেওয়া ছাড়াও রাখাইনে আবাসন ও বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে ভারত ভূমিকা রেখে চলেছে।
রায়ের প্রশংসায় আন্তর্জাতিক সংস্থা
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, মিয়ানমারের জান্তাপ্রধানকে আন্তর্জাতিক কোনো মঞ্চে স্বাগত জানানো উচিত নয়। একই সঙ্গে দেশটিতে সব ধরনের অস্ত্র, নিরাপত্তা ও নজরদারি সরঞ্জাম সরবরাহ অবিলম্বে বন্ধ করে বিশ্বব্যাপী অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান তিনি।
অ্যামনেস্টির মহাসচিব পুরো পরিস্থিতি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানোরও সুপারিশ করেন।
যুক্তরাষ্ট্র ও কানাডার ৩৮টি মুসলিম সংগঠনের টাস্কফোর্স ‘জাস্টিস ফর অল’ ট্রাম্প প্রশাসনের কাছে দাবি জানিয়েছে, ওয়াশিংটন যেন সাধারণ পরিষদে প্রস্তাব তুলতে সহায়তা করে এবং মিয়ানমারের তেল-গ্যাস খাত ও সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহকারী নেটওয়ার্কের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করে।
ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রায়ের প্রশংসা করে বলেছে, এর মধ্য দিয়ে ভুক্তভোগীরা ক্ষতিপূরণ পাবেন এবং বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটবে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া এবং নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির ক্ষেত্রে এ রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংস্থাটি জানায়, বর্তমানে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত, যাদের বড় অংশ বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে।
মিয়ানমারবিষয়ক জাতিসংঘের সাবেক বিশেষ র্যাপোর্টিয়ার ইয়াংহি লি বলেন, ন্যায়বিচারের সিদ্ধান্ত হয়েছে, তবে তা এখনো কার্যকর হয়নি। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রায়কে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতার ঐতিহাসিক স্বীকৃতি ও ন্যায়বিচারের বিরল মুহূর্ত হিসেবে অভিহিত করেছে।
এ ছাড়া ‘জাস্টিস ফর মিয়ানমার’-এর মাধ্যমে মিয়ানমারের ২১৯টি নাগরিক সমাজের সংগঠন রায়ের পূর্ণ বাস্তবায়ন ও তৎকালীন সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংসহ সামরিক নেতৃত্বের ফৌজদারি বিচার দাবি করেছে। রোহিঙ্গা অধিকারকর্মী নে সান লুইন ও ওয়াই ওয়াই নু বলেন, রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করার যে রাষ্ট্রীয় মিথ্যাচার মিয়ানমার চালিয়ে আসছিল, এ রায় তা চূর্ণ করে দিয়েছে। নাগরিকত্ব ও পরিচয়ের স্বীকৃতি এবং নিরাপদে দেশে ফেরার অধিকার না পাওয়া পর্যন্ত রোহিঙ্গাদের এই লড়াই চলবে।
পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য
এ অবস্থায় যুক্তরাজ্যের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামী বুধবার রুদ্ধদ্বার পরামর্শ বৈঠক এবং ৭ ডিসেম্বর বিশেষ আলোচনার সময়সূচি ঠিক করেছে। এর আগেই লন্ডনে মিয়ানমারের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কার এবং দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে যুক্তরাজ্য সরকার।
তবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জাতিসংঘবিষয়ক প্রধান ড্যানিয়েল ফোরটি এপিকে বলেন, নিরাপত্তা পরিষদে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ, স্থায়ী সদস্য চীন ও রাশিয়া এতে ভেটো দিতে পারে। ২০২১ সাল থেকেই বেইজিং নিরাপত্তা পরিষদে মিয়ানমারবিষয়ক যেকোনো পদক্ষেপকে নিরুৎসাহিত করছে। এ পরিস্থিতিতে গাম্বিয়া পরবর্তী সময়ে সাধারণ পরিষদে বাধ্যতামূলক নয় এমন একটি প্রস্তাব পাসের উদ্যোগ নিতে পারে বলে মনে করেন তিনি।
যুক্তরাষ্ট্রের সতর্ক প্রতিক্রিয়া
আইসিজের রায়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তা আল-জাজিরাকে বলেন, আইসিজের রায়ের পূর্ণাঙ্গ প্রভাব খতিয়ে দেখছে ওয়াশিংটন। তিনি বলেন, ১৯৪৮ সালের জেনোসাইড সনদের যথাযথ ব্যাখ্যার পাশাপাশি সর্বোচ্চ আদালতকে যাতে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা হয়, তা নিশ্চিত করা জরুরি।
ওই কর্মকর্তা মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানিয়ে রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের ওপর অব্যাহত নিপীড়নে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় নিরাপত্তা পরিষদে আইসিসি-সংক্রান্ত পদক্ষেপও মার্কিন বাধার মুখে রয়েছে। ২০২৪ সালের শেষের দিকে আইসিসির প্রসিকিউটররা মিয়ানমারের তৎকালীন সেনাপ্রধান ও প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছিলেন, যার রায় এখনো অপেক্ষমাণ।
চীনও সতর্ক
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন নিয়মিত ব্রিফিংয়ে রোহিঙ্গা সংকটের একটি ‘সমন্বিত সমাধানের’ আহ্বান জানিয়ে বলেন, রাখাইন রাজ্যের জটিল ঐতিহাসিক, জাতিগত ও ধর্মীয় প্রেক্ষাপট বিবেচনায় আন্তর্জাতিক বিচার আদালতের উচিত সতর্কতার সঙ্গে ক্ষমতা প্রয়োগ করা। আদালতের এখতিয়ারের অতিরিক্ত প্রয়োগ বা বিস্তৃত ব্যাখ্যা বিরোধ নিষ্পত্তির জন্য সহায়ক নয় বলে সতর্ক করেন তিনি।
এ সময় মুখপাত্র চীনের শেনঝেনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সম্মেলনের যৌথ বিবৃতির প্রসঙ্গ টেনে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বা এ ধরনের সংস্থাগুলোর বিচারিক ক্ষমতার অপব্যবহার একেবারেই অনুচিত। আন্তর্জাতিক বিচারিক কার্যক্রমে সংশ্লিষ্ট রাষ্ট্রের সার্বভৌম সম্মতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির প্রতি সম্মান দেখানো উচিত বলে স্পষ্ট অবস্থান ব্যক্ত করে বেইজিং। তবে বাস্তুচ্যুতদের প্রত্যাবাসনে সংলাপ বজায় রাখতে চীন গঠনমূলক ভূমিকা রাখবে।