
অর্থনৈতিক বিপর্যয়ের কারণে শ্রীলঙ্কায় ব্যাপক খাদ্যসংকট দেখা দিয়েছে। এর ফলে দ্বীপরাষ্ট্রটির অর্ধেকের মতো পরিবার তাদের শিশুদের খাবারের পরিমাণ কমাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন।
সংস্থাটি আজ বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, দেশের শিশুদের ‘হারানো প্রজন্মে পরিণত হওয়া’ থেকে বাঁচাতে শ্রীলঙ্কা সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই উদ্যোগ নিতে হবে।
বৈদেশিক রিজার্ভের ঘাটতি ও বিদেশ থেকে নেওয়া সরকারি ঋণ বৃদ্ধির কারণে ২০২১ সাল থেকে দক্ষিণ এশিয়ার এ দেশটি অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কা ৪ হাজার ৬০০ কোটি ডলার বিদেশি ঋণে জর্জরিত। গত বছরের এপ্রিলে খেলাপি হওয়ার পর দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হয়।
প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার সরকার ঋণখেলাপি হওয়ার পর থেকে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং খাদ্য, ওষুধ ও জ্বালানির ঘাটতির পাশাপাশি স্থিতিশীল কর্মসংস্থানের ঘাটতি তৈরি হয়েছে। ফলে পরিবারগুলোকে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
দাতব্য সংস্থাটি দেশটির ৯টি জেলার ২৩-এর বেশি পরিবারের ওপর জরিপ চালায়। সেখানে দেখা যায়, শ্রীলঙ্কার অর্ধেকের মতো পরিবার তাদের বাচ্চাদের খাবারের পরিমাণ কমিয়ে দিচ্ছে। আর ২৭ শতাংশ পরিবার বাচ্চাদের খাওয়ানোর জন্য নিজেদের খাবার এড়িয়ে যাচ্ছে।
১০টি পরিবারের মধ্যে ৯টি পরিবার বলেছে, তারা সন্তানদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে পারছে না।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে শ্রীলঙ্কা সরকার ২৯০ কোটি মার্কিন ডলার ঋণসহায়তা পেতে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চেষ্টা করছে। কিন্তু এ জন্য দেশটিকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এর অংশ হিসেবে মাত্রাতিরিক্ত করারোপ এবং সরকারি ব্যয় সংকোচন করা হয়েছে দেউলিয়া হওয়া শ্রীলঙ্কায়। এতে জনগণের তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। দেশটিতে সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত বুধবার ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। এর পরের দিন সেভ দ্য চিলড্রেন এই প্রতিবেদন প্রকাশ করে।
সংস্থাটি শ্রীলঙ্কার প্রধান জুলিয়ান চেল্লাপ্পা বলেন, এটি একটি জরুরি পরিস্থিতি, এর জন্য জরুরি পদক্ষেপ প্রয়োজন।
দুই দিন ধরে কয়েক কাপ চা খেয়েছিল পরিবারটি
৪০ বছর বয়সী শশীকলা মাধুভানথি সিলভা চার সন্তানের মা। বাণিজ্যিক রাজধানী কলম্বো থেকে ৮০ কিলোমিটার দূরে কালুতারা জেলায় থাকেন তাঁরা। তিনি বলেন, এই সংকট শুরু হওয়ার পর থেকে তিনি সন্তানদের ঠিকমতো খাবার দিতে পারছেন না। তাঁর স্বামী টুক-টুক (অটোরিকশা) চালক। এখন আগের মতো আয় নেই। কারণ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় লোকজন গণপরিবহন বেশি ব্যবহার করে।
শশীকলা বলেন, এর ফলে তিনি সন্তানদের তেমন পুষ্টিকর খাবার দিতে পারেন না। তিনি বলেন, ‘এমন না যে আমি তাদের খেতে দিই না। কিন্তু প্রতিদিন ডিম বা মাছ বা মাংস দিতে পারি না।’
সিলভা সম্প্রতি বাড়ির কাছের এক পোশাক কারখানায় কাজ নিয়েছেন। তিনি বলেন, ‘প্রতিদিন ৯ ঘণ্টার শিফটে কাজ করে পাই ৯০০ রুপি (আড়াই ডলার)। আমি এক দিনে এই অর্থ দিয়ে কী করতে পারি? কিন্তু আমার আর উপায়ও নেই।’
রেনুকা (ছদ্মনাম) একজন শিক্ষক। তিনি নাম না প্রকাশের শর্তে কথা বলেন। কারণ গণমাধ্যমের সঙ্গে কথা বললে যেকোনো সময় চাকরি হারাতে হতে পারে। তিনি বলেন, ‘সোমবার ছিল। আমি যখন দুপুরের খাবার খাচ্ছিলাম, দেখলাম একটি শিশু আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। কী হয়েছে জানতে চাইলে সে বলে তার মা, ছোট বোন ও সে দুই দিন ধরে শুধু কয়েক কাপ চা খেয়ে আছে।’ এরপর থেকে তিনি ওই শিক্ষার্থীর জন্য খাবার নিয়ে আসেন। একদিন সে বলল, খাবারটি সে বাড়িতে নিয়ে যেতে পারে কি না। কারণ সে খাবারটি তার মা ও বোনের জন্য নিয়ে যেতে চায়। এমন শুধু একটি পরিবার নয়। এমন অনেক পরিবার না খেয়ে আছে।
কলম্বোর পুষ্টিবিদ মুদিতা ধর্মপ্রিয়া বলেন, ফুড গাইড লাইন অনুযায়ী একটি শিশুর খাবারের তালিকায় প্রতিদিন মাছ, মাংস, ডিম থাকতে হয়। কিন্তু শ্রীলঙ্কার অনেকের পক্ষেই তা সম্ভব নয়।