দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ফিনল্যান্ড

মানামা সংলাপের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তোর দ্বিপক্ষীয় বৈঠক হয়
ছবি: বাসস

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো বলেন, তাঁর দেশ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে। গতকাল শনিবার বাহরাইনের মানামায় ১৮তম ‘আইআইএসএস মানামা’ সংলাপের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের বাস্তচ্যুত রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে আশ্রয় প্রদান এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। টিকা কার্যক্রমের সফল বাস্তবায়নের মাধ্যমে কোভিড-১৯ মোকাবিলা এবং বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নে গৃহীত পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ ও ফিনল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক ফোরামে বহুপক্ষীয় ও বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন তাঁরা।

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী মোমেন সবুজ শক্তি বা গ্রিন এনার্জির বিষয়ে ফিনল্যান্ডের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং এ ক্ষেত্রে বাংলাদেশকে দক্ষতা ও প্রযুক্তি দিয়ে সহযোগিতার আহ্বান জানান।

বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে খাদ্য, জ্বালানিসংকটসহ দ্রব্যের মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করেন। তিনি বলেন, এ যুদ্ধের ফলে মূলত সারা বিশ্বের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত সব দেশের জনগণের কল্যাণে অনতিবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাপ্তির ওপর গুরুত্বারোপ করেন।