পাকিস্তানি তরুণ–তরুণীদের জীবনসঙ্গী খুঁজে দিচ্ছেন ইমরানের সাবেক স্ত্রী জেমিমা

জেমিমা গোল্ডস্মিথ
জেমিমা গোল্ডস্মিথ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ এবার ঘটকালি শুরু করেছেন। বিয়ের জন্য উপযুক্ত পাকিস্তানি তরুণ-তরুণীদের জন্য জীবনসঙ্গী খুঁজে দিচ্ছেন তিনি।

জেমিমা বর্তমানে সিনেমার চিত্রনাট্য লেখা নিয়ে বেশ ব্যস্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর লেখা সিনেমা ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’। লন্ডনের লেইচেস্টার স্কয়ারের একটি সিনেমা হলে এটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। এ সময় পাকিস্তানের জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার তথ্য জানান ইমরানের সাবেক এই স্ত্রী। বিশেষ ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি খুব ভালোভাবে ঘটকালি করতে পারি। ইতিমধ্যে এক দম্পতির সফল বিয়ের আয়োজন করেছি।’

জীবনসঙ্গী খুঁজে দেওয়ার এ কাজে সম্প্রতি দুজন পাকিস্তানি বন্ধুও যুক্ত হয়েছেন বলে জানান জেমিমা। তিনি বলেন, ‘দুজন পাকিস্তানি বন্ধু আমাকে এ কাজে উৎসাহ জুগিয়েছেন। তাঁদের সহযোগিতায় আমি ঘটকালি করার সাহস দেখিয়েছি। আমি মনে করি, এখন যে কারও জন্য বিয়ের ব্যবস্থা করতে পারি।’

সাক্ষাৎকারে জেমিমার কাছে জানতে চাওয়া হয়, তিনি পাকিস্তানি পদ্ধতির ‘ম্যারেজ মিডিয়া’র মতো কাজ করবেন কি না। জবাবে তিনি তাৎক্ষণিকভাবে উত্তর দেন, ‘অবশ্যই আমি এখন ঘটক।’

আধুনিক যুগেও পারিবারিকভাবে বিয়ের আয়োজনের বেশ চাহিদা আছে বলে মনে করেন জেমিমা খান। তিনি বলেন, পারিবারিক বিয়ে খুবই ভালো। কারণ, এমন বিয়েতে ভালোবাসা ও বোঝাপড়া দুটিই থাকে। যখন বিয়েতে পাত্র-পাত্রীর সম্মতি থাকে, তখন একজন আরেকজনকে প্রচণ্ড ভালোবাসেন। আধুনিক বিশ্বে বিয়ের জন্য সঠিক মানুষকে খুঁজে বের করার জন্য কোনো জায়গা আছে।

পারিবারিকভাবে বিয়ের গুরুত্ব তুলে ধরতে গিয়ে তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও তাঁর স্ত্রী প্রিন্সেস ডায়ানার বিয়ের কথা স্মরণ করিয়ে দেন সবাইকে।

১৯৯২ সালে বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন ইমরান খান। ১৯৯৫ সালে এই পাকিস্তানিকে বিয়ে করেন যুক্তরাজ্যের নাগরিক জেমিমা গোল্ডস্মিথ। তাঁর বাবা–মা ইহুদি। ২০০৪ সালে ইমরান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় জেমিমার। এই দম্পতির দুই সন্তান। বিচ্ছেদের পর পাকিস্তান ছেড়ে সন্তানদের নিয়ে লন্ডনে স্থায়ী হন জেমিমা।