নামদেমুন বাজারে স্কার্ফ বিক্রেতার সঙ্গে ক্রেতা লি জি-হিউন
নামদেমুন বাজারে স্কার্ফ বিক্রেতার সঙ্গে ক্রেতা লি জি-হিউন

এক ডলারে স্কার্ফ, বিক্রির অদ্ভুত কৌশল—যেভাবে রাতারাতি তারকা হলেন তিনি

সকাল গড়াতেই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের নামদেমুন বাজারের প্রধান গলি ঘিরে ফেলেন বেসরকারি নিরাপত্তারক্ষী ও পুলিশ সদস্যরা। নিরাপত্তাবেষ্টনীর ভেতরে টোকেন নম্বর হাতে নিয়ে সারিবদ্ধভাবে ধীরে ধীরে এগোচ্ছেন ক্রেতারা। এই সারিতে দাঁড়ানো মানুষের বেশির ভাগই মধ্যবয়সী নারী, যাঁরা এক ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করছেন।

বিপুল উৎসাহ নিয়ে আসা এসব মানুষের সামনেই পসরা সাজিয়ে স্কার্ফ বিক্রি করছেন এক দোকানি। ১০ হাজার ওনে (প্রায় ৬ দশমিক ৮০ ডলার) ৬টি স্কার্ফ দিচ্ছেন তিনি, যার প্রতিটি প্রায় ১ দশমিক ১৫ ডলারের সমান। ‘স্কার্ফ আজোসি’ বা ‘স্কার্ফ আংকেল’ নামে পরিচিত হয়ে ওঠা এই বিক্রেতা এখন রীতিমতো জাতীয় আলোচনার বিষয়।

এই দোকানির জনপ্রিয়তার কারণ হলো, ক্রেতাদের পণ্য কিনতে নিরুৎসাহিত করার অদ্ভুত এক কৌশল। ক্রেতাদের উদ্দেশে রসিকতা করে তিনি বলেন, ‘টাকা খরচ করবেন না। এটা আপনাকে মানাবে না।’

আন্তরিকতাপূর্ণ স্পষ্টবাদিতা ও মজার বিক্রয়কৌশলের পাশাপাশি তাঁর চেহারার প্রশংসা—সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই দোকানি এখন বড় তারকা। ক্রেতা ও লাইভস্ট্রিমাররা বাজারে ভিড় করছেন। অনলাইনে তাঁর ভিডিওগুলো লাখ লাখবার দেখা হচ্ছে।

আন্তরিকতাপূর্ণ স্পষ্টবাদিতা ও মজার বিক্রয়কৌশলের পাশাপাশি তাঁর চেহারার প্রশংসা—সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই দোকানি এখন বড় তারকা। ক্রেতা ও লাইভস্ট্রিমাররা বাজারে ভিড় করছেন। অনলাইনে তাঁর ভিডিওগুলো লাখ লাখবার দেখা হচ্ছে।

ইউটিউবে ভিডিও দেখে সিউল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণের ইয়ংগিন শহর থেকে এসেছেন লি মি-হোয়া। তিনি বলেন, ‘তিনি সত্যিই খুব বিখ্যাত। এই মুহূর্তে তিনিই সবচেয়ে আলোচিত ব্যক্তি।’

দক্ষিণ কোরিয়ার সবচেয়ে পুরোনো ও বড় ঐতিহ্যবাহী বাজার এই নামদেমুন। পুরোনো সাউথ গেটের পাশে অসংখ্য গলির সমাহার নিয়ে গড়ে ওঠা এই বাজারের নামকরণও হয়েছে ওই ফটক থেকেই। দীর্ঘদিন ধরে বাজারটি ক্রেতাদের জোরাজুরি করে পণ্য বিক্রির জন্য পরিচিত ছিল।

তিনি সত্যিই খুব বিখ্যাত। এই মুহূর্তে তিনিই সবচেয়ে আলোচিত ব্যক্তি।
লি মি-হোয়া, ইয়ংগিন শহর থেকে সিউলে স্কার্ফ কিনতে আসা নারী

আর এখন এত হট্টগোল দেখে পথচারীরা থেমে জানতে চাইছেন, ভেতরে কোনো তারকা এসেছেন কি না। অন্যদিকে ইউটিউবাররা আলোচিত দোকানিকে একনজর দেখার চেষ্টা করছেন এবং এই ভিড়ের দৃশ্য সরাসরি সম্প্রচার করছেন।

এই স্কার্ফ বিক্রেতা নিজের প্রকৃত নাম প্রকাশ করেন না, তাই বিভিন্ন ডাকনামেই তিনি পরিচিত। ‘স্কার্ফ আংকেল’ ছাড়াও তাঁর আরেক নাম ‘স্কার্ফরিও’। তাঁর চেহারা ও সহজাত আকর্ষণের কারণে ‘স্কার্ফ’ এবং হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নামের সমন্বয়ে মজা করে এ নাম দেওয়া হয়েছে। সারিতে দাঁড়ানো এক নারী বলেন, ‘তিনি ভীষণ সুদর্শন।’

স্কার্ফরিওর বেশভূষায় কোনো চাকচিক্য নেই; শরতের ঠান্ডা থেকে বাঁচতে সাধারণ বাজারের ব্যবসায়ীদের মতোই স্তরে স্তরে পোশাক পরেন তিনি। আর নতুন তৈরি হওয়া ভক্তদের সঙ্গে হাসিমুখে সেলফিও তোলেন।

এই আকর্ষণের জেরে স্কার্ফরিওর বিক্রয়কৌশল অনলাইনে ভাইরাল হয়ে গেছে। এরপর তিনি ইনস্টাগ্রাম ও ইউটিউব অ্যাকাউন্ট খুলেছেন। সেখানে তাঁর ভিডিওগুলো লাখ লাখবার দেখা হচ্ছে।

গত বুধবার সকাল ১০টায় লাইনে দাঁড়িয়ে বেলা ১১টা ২০ মিনিটে দোকানের সামনে পৌঁছান লি জি-হিউন। কেনা স্কার্ফগুলো উঁচিয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, ‘অবশেষে কয়েকটা পেলাম। তাঁর (বিক্রেতা) কথা বলার ধরনটা ভীষণ মিষ্টি। এমন মানুষের উন্নতি হওয়া উচিত। তাই তাঁকে উৎসাহ দিতে এসেছিলাম এবং শেষ পর্যন্ত কিনেই ফেললাম।’

স্কার্ফ বিক্রেতার দোকানের পাশের গলিতেও এখন মানুষের উপচে পড়া ভিড়

বিক্রির ধরন শোনার জন্য লি জি-হিউন বেশ কিছুক্ষণ বিক্রেতার পাশেই দাঁড়িয়ে ছিলেন। ক্রেতাদের উদ্দেশে ওই বিক্রেতা বলছিলেন, ‘এখানে দেখার মতো কিছু নেই।’ আবার স্নেহভরে স্কার্ফের স্তূপ ঘেঁটে দেখার আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন মা, নিচ থেকে খুঁজে দেখুন, নিচ থেকে দেখুন।’ লি জি-হিউন বলেন, ‘তাঁকে আমার ছেলের মতো, ছোট ভাইয়ের মতো মনে হয়।’

জনপ্রিয়তা ও ভিড় বাড়তে থাকায় এই বিক্রেতাকে বেশ কয়েকবার দোকান বন্ধ রাখতে হয়েছে। অতিরিক্ত ভিড় সামাল দিতে পুলিশ ডেকে ভক্তদের গলি থেকে সরিয়ে দিতে হয়েছে। নভেম্বরের শুরুতে ভিড় সামলাতে বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ দেওয়া হয় এবং তিনি দোকান খোলার সময়সূচি ঘোষণা করাও বন্ধ করে দিয়েছেন।

স্কার্ফ দেখিয়ে লি জি-হিউন আরও বলেন, ‘কাপড়টা অসাধারণ। ছুঁয়ে দেখেছেন কতটা নরম? ১ হাজার ৬০০ ওনে এটা কীভাবে সম্ভব?’ স্কার্ফের মোড়কে লেখা রয়েছে—মেড ইন চায়না (চীনে তৈরি)।’

জনপ্রিয়তা ও ভিড় বাড়তে থাকায় এই স্কার্ফ বিক্রেতাকে বেশ কয়েকবার দোকান বন্ধ রাখতে হয়েছে। অতিরিক্ত ভিড় সামাল দিতে পুলিশ ডেকে ভক্তদের গলি থেকে সরিয়ে দিতে হয়েছে। নভেম্বরের শুরুতে ভিড় সামলাতে বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ দেওয়া হয় এবং তিনি দোকান খোলার সময়সূচি ঘোষণা করাও বন্ধ করে দিয়েছেন।

তবে সবাই যে বিষয়টি উপভোগ করছেন, তা নয়। কয়েক মিটার দূরেই ৩০ বছরের বেশি সময় ধরে জুতা বিক্রি করা এক দোকানি তাঁর দোকানের সামনে উপচে পড়া ভিড় নিয়ে মোটেও খুশি নন।

শুধু মুন নামে নিজের পরিচয় দেওয়া ওই দোকানি বলেন, ‘ব্যবসা খারাপ যাচ্ছে। আমার পাশের চলাচলের পথ বন্ধ হয়ে যায়, যা আমার জন্য খুব কষ্টকর। এটা বড় পরিসরে বাজারের জন্য হয়তো ভালো, কারণ মানুষ আসছে। কিন্তু আশপাশের দোকানগুলোর ক্ষতি হচ্ছে।’

মুন জানান, তরুণেরা ইউটিউব ও ইনস্টাগ্রামের জন্য স্কার্ফ বিক্রেতার ভিডিও ধারণ করতে এবং শুধু তাঁর চেহারা দেখতে আসেন। মুনের ভাষায়, ‘এতে প্রচুর মানুষ আসছেন ঠিকই, কিন্তু কোনো কেনাকাটা হচ্ছে না।’

চার বন্ধুকে সঙ্গে নিয়ে দোকানে এসেছিলেন কিম হিও-জং। কিনেছেন ছয়টি স্কার্ফ

তবে স্কার্ফরিওর পাশের দোকানেই স্কার্ফ বিক্রি করা বে জং-মিন বিষয়টি নিয়ে বেশ আশাবাদী। বাজারের রেস্তোরাঁ, কফি শপ ও খাবারের দোকানগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বাজারে প্রচুর মানুষ আসছেন। তাই সামগ্রিকভাবে বাজারের জন্য এটি ভালো। তবে ভিড়ের সমস্যা নিয়ে আমি কিছুটা চিন্তিত।’

কয়েক দিন আগে স্কার্ফরিও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, মানুষের এই বাড়তি মনোযোগ তাঁকে ‘প্রচণ্ড চাপ ও উদ্বেগের’ মধ্যে ফেলে দিয়েছে। একই সঙ্গে আশপাশের ব্যবসায়ীদের কাছে তিনি ক্ষমাও চেয়েছেন।

এদিকে সিউলে বসবাস করা সত্ত্বেও গত ৩০ বছরে নামদেমুন বাজারে পা রাখেননি লি জি-হিউন। তিনি বলেন, ‘কোনো কিছুর প্রয়োজন হলে আমি সুপারমার্কেটে যেতাম, এই বাজারে আসার কথা কখনো ভাবিনি। এখন থেকে মাসে অন্তত একবার আসার পরিকল্পনা করছি।’