
ফিলিপাইনের পার্লামেন্ট ভবনে দেশটির একজন সিনেটর আশ্রয় নেওয়ার পর গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ বুধবার রাতে রাজধানী ম্যানিলায় এ ঘটনা ঘটে। এ সময় পার্লামেন্ট ভবনে থাকা সিনেটররা আত্মরক্ষার জন্য নিজ নিজ কার্যালয়ে ঢুকে পড়েন।
পার্লামেন্ট ভবনে আশ্রয় নেওয়া ওই সিনেটরের নাম রোনাল্ড দেলা রোসা। তিনি সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তাতের মাদকবিরোধী অভিযানের প্রধান বাস্তবায়নকারী কর্মকর্তা ছিলেন। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানা আছে। গ্রেপ্তার এড়াতেই তিনি পার্লামেন্টে আশ্রয় নিয়েছিলেন।
ঘটনাস্থলে থাকা এএফপির সাংবাদিকেরা বলেছেন, বন্দুক ও সুরক্ষা সরঞ্জামে সজ্জিত বন্দুকধারীরা পার্লামেন্ট ভবনের সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন। কয়েক মিনিট পর অন্তত পাঁচটি গুলির শব্দ শোনা যায়। গুলির ঘটনার পর রোনাল্ড দেলা রোসা কোথায় ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গোলাগুলির কয়েক মিনিট পর ঘটনাস্থলে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ানিতো ভিক্তর রেমুলা। তিনি বলেন, তখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কেউ আহত হননি। কারা গুলি চালিয়েছে, তা–ও নিশ্চিত হওয়া যায়নি। বন্দুকধারীদের খুঁজতে সমুদ্রের তীরের পার্লামেন্ট ভবনে তল্লাশি চালাচ্ছেন পুলিশ সদস্যরা।
এর আগে আজ ফিলিপাইনের সেনাবাহিনীর প্রতি সিনেটর রোসা আহ্বান জানান, তারা যেন তাঁর গ্রেপ্তারের বিরোধিতা করে। রোসা ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় দুতার্তের মাদকবিরোধী অভিযানের প্রাথমিক পর্যায় চলছিল।
মানবাধিকার পর্যবেক্ষকদের মতে, দুতার্তের মাদকবিরোধী অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। তাঁদের অনেকে মাদকের বড় কোনো কারবারী ছিলেন। ছিলেন ব্যবহারকারী ও ছোট–খোট মাদক কারবারি।
দুতার্তেকে গত বছরের মার্চে গ্রেপ্তার করে দ্য হেগে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে বিচারের অপেক্ষায় আটক আছেন।