সামরিক বাহিনীর বিমান হামলার পর বিয়ের অনুষ্ঠানস্থলের ধ্বংসাবশেষ। মো বাই, মিয়ানমার। ২৮ নভেম্বর ২০২৬
সামরিক বাহিনীর বিমান হামলার পর বিয়ের অনুষ্ঠানস্থলের ধ্বংসাবশেষ। মো বাই, মিয়ানমার। ২৮ নভেম্বর ২০২৬

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান-আশ্রয়শিবিরে বিমান হামলা চালাল সামরিক বাহিনী, নিহত ৩০

মিয়ানমারে সামরিক বাহিনীর চালানো তিনটি বিমান হামলায় গতকাল শনিবার অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক আদালত গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করার পর থেকে বোমা হামলা বেড়েছে দেশটিতে। এসব হামলায় প্রাণহানির সংখ্যাও বেড়েছে।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মো বাই এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে চালানো হামলায় প্রায় ২০ জন নিহত হন। প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিওতে রক্তাক্ত আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখা গেছে।

তবে বার্তা সংস্থা এএফপি স্বাধীনভাবে এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।একই দিনে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে আরও দুটি বোমা হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

এর আগে গত বৃহস্পতিবার মিয়ানমারের মধ্যাঞ্চলে হামলা হয়। এরপর আবার এই তিনটি হামলার ঘটনা ঘটল। মিয়ানমারের নির্বাসিত স্বঘোষিত ‘জাতীয় ঐক্য সরকার’(এনইউজি) জানিয়েছে, বৃহস্পতিবারের ওই হামলায় ২৯ জন নিহত হয়েছেন।

নজরদারি সংস্থা অ্যাকলেড জানিয়েছে, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

মো বাইয়ের হামলার বিষয়ে এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, বোমা হামলার আগে তিনি একটি উড়োজাহাজ উড়ে যাওয়ার শব্দ শুনেছিলেন। সংঘাতের কারণে বাস্তুচ্যুত হওয়া দুজনের বিয়ের অনুষ্ঠানে ওই বোমা ফেলা হয়।

মো বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে শহরের বাইরে শান ও কায়াহ (যা কারেন্নি নামেও পরিচিত) রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিরোধীরা সক্রিয় রয়েছে। সেখানে বাস্তুচ্যুত অনেকে বসবাস করেন।

ঘটনাস্থলে ছুটে যাওয়া ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি ১৭ জনের মরদেহ’ এবং অনেক আহত মানুষকে দেখতে পাই। তিনি আরও বলেন, ‘আমি হতভম্ব হয়ে পড়েছিলাম এবং বুঝতে পারছিলাম না কাকে আগে উদ্ধার করব।’

বিয়ের অনুষ্ঠানস্থলে হামলার পরের দৃশ্য। মো বাই, মিয়ানমার। ২৮ নভেম্বর ২০২৬

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই প্রত্যক্ষদর্শী আরও বলেন, ‘আমার ভাতিজিসহ আরও কিছু মানুষ নিখোঁজ রয়েছেন। আমি এখনো তাকে খুঁজে পাইনি।’

শিবিরে থাকা বাস্তুচ্যুত মানুষদের সহায়তাকারী ‘নুয়ে উ ইয়াং চি ফাউন্ডেশনের’ প্রধান ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, যাঁদের মধ্যে ৫টি শিশু রয়েছে। এ ছাড়া ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তিনি জানান, উদ্ধারকারীরা পৌঁছানোর পর সেখানে দ্বিতীয় আরেকটি বোমা ফেলা হয়।

এই তিনটি হামলার কোনোটির বিষয়েই মন্তব্যের জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মো বাইয়ের হামলার ওই প্রত্যক্ষদর্শী ছয়টি ভিডিও দিয়েছেন। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, তিনি রক্তাক্ত একটি মেয়েশিশুকে নিয়ে যাচ্ছেন। শিশুটি কাঁদছিল।

বিমান হামলার পর ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর। ম্রাউক-উ, রাখাইন, মিয়ানমার। ২৮ নভেম্বর ২০২৬

মেয়েটি তাঁকে জিজ্ঞাসা করছিল, ‘আমার মা-বাবা কোথায়? তাঁদের কি কিছু হয়েছে? তাঁরা কোথায়? দয়া করে আমার মাকে ফোন করুন।’ তিনি উত্তর দেন, ‘চিন্তা কোরো না, আমি তোমার মাকে ফোন করব। কিন্তু চলো, আগে চিকিৎসার জন্য ক্লিনিকে যাই।’ জবাবে মেয়েটি বলে, ‘আমার মা-বাবার কাছে দেওয়ার মতো টাকা নেই।’

গতকাল রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরে আলাদা একটি হামলায় একটি বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় একটি অন্ত্যেষ্টিক্রিয়া সংস্থার প্রধান হ্লা মং উ জানিয়েছেন, এ ঘটনায় ৯ জন মারা গেছেন।

ঘটনাস্থল থেকে পাওয়া এএফপির ভিডিও চিত্রে মানুষকে ধ্বংসস্তূপের ভেতর থেকে জিনিসপত্র খুঁজতে দেখা গেছে। অন্য একটি স্থানে সারি করে রাখা মরদেহের পাশে বসে শোকাহত স্বজনেরা বিলাপ করছিলেন।

সামরিক বাহিনীর বিমান হামলার পরের দৃশ্য। ম্রাউক-উ, মিয়ানমার। ২৮ নভেম্বর ২০২৬

৬২ বছর বয়সী বাস্তুচ্যুত এক ব্যক্তি হ্লা থান অং জানান, তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে তাঁর ১৭ বছর বয়সী মেয়েকে টেনে বের করেছিলেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মেয়েটি মারা যায়। তিনি বলেন, ‘মেয়েকে কোলে নিয়ে দৌড়ানোর সময় আমার মাথায় শুধু একটি চিন্তাই ছিল, যেকোনোভাবে ওর জীবন বাঁচানো। এখন ও চলে গেছে, তাই আমার বেঁচে থাকারও আর কোনো অর্থ নেই।’

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল গভীর রাতে একই এলাকায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো হয়। যাচাই না–হওয়া ছবিগুলোয় সেখানে বেশ কয়েকজন নিহতের দৃশ্য দেখা গেছে।