কংগ্রেসের প্রতি বিজেপিবিরোধী জোট গড়ার আহ্বান বিহারের মুখ্যমন্ত্রীর

সিপিআইএমএলের সভায় উপস্থিত হন ভারতের বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। পাটনা, বিহার, ১৮ ফেব্রুয়ারি
ছবি: সংগৃহীত

ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচন সামনে রেখে কংগ্রেসকে বিরোধী জোট গঠনে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেছেন, ছোট বিরোধী দলগুলো জোট গঠনের জন্য তৈরি। অনেকটা একই সুরে কথা বলেছেন বিহারে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের প্রধান ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

বিহারের রাজধানী পাটনায় বাম জোটের অন্যতম প্রধান শরিক সিপিআইএমএলের (কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্ক্সিস্ট-লেনিনিস্ট) ছয় দিনের দলীয় কংগ্রেসের সভা চলছে। আজ শনিবার ছিল কংগ্রসের চতুর্থ দিন। সেখানে ভারতের প্রধান বিরোধী দলগুলোর বেশ কয়েকটির নেতারা সমবেত হন। বক্তব্য দেন নীতীশ কুমার, তেজস্বী যাদব, কংগ্রেস নেতা সালমান খুরশিদ ও সিপিআই-এমএলের জাতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। এই সভাকে আগামী বছরের লোকসভা নির্বাচন সামনে রেখে বিরোধী জোটের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ হিসেবে চিহ্নিত করছেন অনেকেই।

সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তা ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী ও সংযুক্ত জনতা দলের নেতা নীতীশ কুমার। তাঁর দল গত বছর পর্যন্ত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে হাত মিলিয়ে দুই বছর বিহারে সরকার চালিয়েছিল। কিন্তু গত বছর বিজেপির সঙ্গ ত্যাগ করেন নীতীশ কুমার। সেই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, বিজেপি সম্পূর্ণ ভুল পথে রাজ্য ও দেশকে নিয়ে যাচ্ছে। সেই কারণেই তিনি বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন।

নীতীশ কুমার বলেন, ‘আমার আর কোনো বাসনা নেই। অনেকে নানা বিষয়ে স্লোগান দেন, কিন্তু আমি তাঁদের নিষেধ করি। আমার একমাত্র বাসনা হলো, ভারতে বিজেপিবিরোধী মহাজোট দেখতে পাব।’

নীতীশ কুমারের বক্তব্যে তিনি যে স্লোগানের কথা বলেছেন, সেটির ইঙ্গিত ভারতের কিছু অংশে উত্তরোত্তর একটি রাজনৈতিক চিন্তার বিস্তারের প্রতি। এই চিন্তা হলো, ভারতের পুরোনো সমাজতান্ত্রিক জোট। একসময় যে জোটের নেতৃত্বে ছিলেন লালুপ্রসাদ বা নীতীশ কুমারের মতো নেতা। সেই জোট আগামী দিনে আরও জনপ্রিয় হবে এবং নীতীশ কুমার ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

বিজেপিবিরোধী মহাজোট করতে কংগ্রেসকে এগিয়ে আসতে হবে। কংগ্রেসকে ইতিবাচক ভূমিকা নিতে হবে বলে মঞ্চে উপবিষ্ট কংগ্রেস নেতা সালমান খুরশিদের উদ্দেশে বলেন নীতীশ কুমার।

সালমান খুরশিদের উদ্দেশে নীতীশ কুমার বলেন, ‘আমরা অপেক্ষা করে আছি, কখন আপনার দল এগিয়ে আসবে। আপনার মাধ্যমে আপনার পার্টি নেতৃত্বকে অনুরোধ করছি যে যত দ্রুত সম্ভব একটা সিদ্ধান্ত নিন। আমাদের মতো দলকে একসঙ্গে ডেকে বৈঠক করুন। একটা দিকনির্দেশনা দিন, কাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে পরবর্তী নির্বাচন লড়তে হবে। এতে যেমন কংগ্রেসের লাভ, তেমনই লাভ দেশেরও।’ বক্তব্যের একপর্যায়ে ‘ভারত জোড়ো’ যাত্রার জন্য কংগ্রেসকে অভিনন্দন জানান তিনি।

বিরোধী জোটের নেতা–কর্মীরা মনে করেন, আজ বিহারের সভায় রাহুল গান্ধীর উপস্থিতির প্রয়োজন ছিল।

কংগ্রেস নেতা সালমান খুরশিদ মঞ্চে বক্তব্য দিতে গিয়ে বলেন, বিরোধী জোটের কাছাকাছি আসা অনেকটা প্রেমের মতো। তিনি বলেন, ‘কে আগে “আই লাভ ইউ” বলবে, অনেক সময় সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, যা আমাদের কাটিয়ে উঠতে হবে…সারাক্ষণ গুজরাট মডেলের কথা না বলে আমাদের এবার বিহার মডেলের কথা বলা উচিত। কারণ, এখানে মানুষ ধর্মীয় বা জাতিভিত্তিক অসহিষ্ণুতার বাইরে গিয়ে একসঙ্গে শান্তিপূর্ণভাবে রয়েছেন।’

বিরোধী দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তেজস্বী যাদব বক্তব্য শুরু করেন কমিউনিস্ট স্লোগান ‘লাল সেলাম’ দিয়ে। ২০ বছর আগে বিহারে রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে তীব্র বিরোধ ছিল সিপিআইএমএলের। কিন্তু সেই পরিস্থিতি এখন বদলে গেছে। তেজস্বী যাদব বলেন, ‘যেসব রাজ্যে আঞ্চলিক দল একটা বড় শক্তি, সেখানে তাদের চালকের আসনে বসতে দেওয়া উচিত। আর যেখানে কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই সরাসরি, সেখানে কংগ্রেসকে বসতে দেওয়া উচিত চালকের আসনে।’

ভারতে ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ১৫০টিতে এখন পর্যন্ত কংগ্রেসের সঙ্গে বিজেপির তীব্র লড়াই হয়। তবে কংগ্রেস শক্তিশালী, এমন অনেক রাজ্যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ও দিল্লির আম আদমি পার্টি মাথাচাড়া দিচ্ছে। তেজস্বী যাদব আরও বলেন, সারাক্ষণ নরেন্দ্র মোদির কথা না বলে, ইস্যুভিত্তিক রাজনীতির কথা বলতে হবে।

দ্রব্যমূল্য বাড়ার কারণে মানুষ ও বেকারদের দুরবস্থার কথাও তুলে ধরনে তেজস্বী যাদব। তিনি বলেন, ‘মানুষকে চাকরি দেওয়া যাচ্ছে না, কাজকর্ম ফুরিয়ে আসছে। জিনিসপত্রের দাম বাড়ছে, শ্রমিকের সমস্যা বাড়ছে। এর সঙ্গে বাড়ছে দারিদ্র্য, আর্থিক অস্থিরতা ও চীনের সঙ্গে সমস্যা। এই বিষয় আমাদের সামনে নিয়ে আসতে হবে।’

সিপিআই-এমএলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, সত্তরের দশকে ভারতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি আরও ভয়াবহ। তিনি বলেন, ‘সেই সময় একদিকে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে নীতীশ কুমার বা লালুপ্রসাদ যাদবের মতো নেতা গণতন্ত্রের ওপর হামলা ঠেকিয়েছিলেন। অন্যদিকে গ্রামাঞ্চলে আমাদের দল সরকারের স্বৈরতান্ত্রিক রাজনীতির বিরোধিতা করেছিল। আজকের জরুরি অবস্থা এক স্থায়ী জরুরি অবস্থা হিসেবে ফিরে এসেছে, সংবিধান ও ভারতের আদর্শকে চূর্ণ করতে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর ডাক দেওয়া হচ্ছে বিহার থেকেই।’

সিপিআই-এমএলের ছয় দিনের অধিবেশনের একটি দিন রাখা হয়েছিল বামফ্রন্টের বিভিন্ন শরিক দলের বক্তব্য শোনার জন্য। সেই অধিবেশনে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক অরুন্ধতী রায়ও।