
মিয়ানমারে চলমান জান্তাবিরোধী লড়াইয়ে অংশ নেওয়া তিনটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে দেশটির ক্ষমতাসীন সামরিক সরকারের প্রতিনিধিদল। গতকাল সোমবার জান্তা সরকারের মুখপাত্র জ মিন তুন এ তথ্য জানান বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়।
মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভির টেলিগ্রাম চ্যানেলের তথ্যমতে, জ মিন তুন বলেছেন, চীনের সহায়তায় এ বৈঠক হয়েছে। এ মাসের শেষের দিকে আরও একটি বৈঠক হতে পারে।
২০২১ সালে দেশটির নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করার পর কয়েক মাস ধরে জান্তা সরকার কঠিন সময় পার করছে। জাতিগত সংখ্যালঘু তিনটি সশস্ত্র গোষ্ঠী গত অক্টোবর থেকে সমন্বিতভাবে জান্তাবিরোধী হামলা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে তারা বেশ কয়েকটি সামরিক চৌকি ও উত্তরে চীনের সীমান্তবর্তী কয়েকটি শহর এবং পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর কয়েকটি শহরও দখল করে নিয়েছে।
জান্তা সরকারের মুখপাত্র জাতিগত সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোর প্রসঙ্গ টেনে বলেন, মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি এবং পিসমেকিং কো–অর্ডিনেশন কমিটি চীনের সহায়তায় আরাকান আর্মি (এএ), মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। এ বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। এর ওপর ভিত্তি করে এ মাসের শেষের দিকে আরেকটি বৈঠক হতে পারে। তবে কোথায়, কবে বৈঠকটি হতে পারে, সে বিষয়ে মিন তুন বিস্তারিত জানাননি।
এদিকে জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের কাছে এ বিষয়ে জানতে চাইলেও তাঁরা কোনো মন্তব্য করেননি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মিয়ানমারের উত্তরাঞ্চলের সংঘাতে জড়িত দুটি পক্ষ শান্তি আলোচনায় বসায় চীন খুশি হয়েছে এবং বৈঠকটি ইতিবাচক হয়েছে।’ সংঘাতপূর্ণ এ পরিস্থিতির অবসান ঘটাতে বেইজিং প্রয়োজনীয় সহযোগিতা করবে।
মাও বলেন, ‘আমরা মনে করি, দেশটির সব পক্ষের স্বার্থে মিয়ানমারের উত্তরাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হওয়া দরকার। একই সঙ্গে এটি চীন-মিয়ানমার সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।’
গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার নামে দৈনিক পত্রিকার খবরে বলা হয়, গত সপ্তাহে জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রী চীনের কুনমিং শহরে ইউনান প্রভিনশিয়াল পার্টি কমিটির ডেপুটি সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তাঁরা সীমান্ত এলাকায় ‘শান্তি ও স্থিতিশীলতা’ বজায় রাখার বিষয় নিয়ে কথা বলেন।
বেইজিং মিয়ানমারের জান্তাদের অন্যতম মিত্র এবং অস্ত্র সরবরাহকারী। ২০২১ সালে জান্তারা যেভাবে ক্ষমতা দখল করেছে, সেটিকে সামরিক অভ্যুত্থান বলতে নারাজ চীন।