আঞ্চলিক উত্তেজনা

মহড়ার সমাপ্তি টানার আগে চীন ও তাইওয়ানে ইঁদুর–বিড়াল খেলা

সতর্ক অবস্থায় তাইওয়ানের যুদ্ধজাহাজ
ছবি : রয়টার্স

এক পক্ষের যুদ্ধজাহাজ সীমানা অতিক্রম করলে আরেক পক্ষের যুদ্ধজাহাজ তা প্রতিরোধে সামনে চলে আসে। এভাবেই তাইওয়ান প্রণালিতে ‘ইঁদুর-বিড়াল খেলার’ মতো মুখোমুখি হয় চীন ও তাইওয়ানের যুদ্ধজাহাজ। এর মধ্য দিয়েই রোববার চার দিনের সামরিক মহড়া শেষ করল বেইজিং।

স্বশাসিত তাইওয়ানে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর চীন এই মহড়া শুরু করে। তবে তাইওয়ান প্রণালিতে মহড়া শেষ করলেও পীতসাগরে নতুন মহড়া শুরু করেছে বেইজিং।

চীন ও তাইওয়ানের প্রায় ১০টি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালির কাছাকাছি অবস্থান নেয়। এখান থেকে চীনের কয়েকটি জাহাজ দুই পক্ষের অঘোষিত মধ্যরেখা অতিক্রম করে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীনের একাধিক যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন তাদের ভূখণ্ড ও নৌবাহিনীর ওপর হামলার মহড়া দেয়। তাইওয়ানের পক্ষ থেকেও যথাযথ জবাব দিতে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠানো হয়।

এদিকে পরিস্থিতি সম্পর্কে অবগত এক ব্যক্তি পরিচয় গোপন রেখে বলেন, বেইজিংয়ের যুদ্ধজাহাজ সীমানা অতিক্রম করলে তাইওয়ান এর গতিবিধি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে। যেখানে সম্ভব সেখানে চীনা যুদ্ধজাহাজকে সীমানা অতিক্রম করতে বাধা দেওয়া হয়। তবে দুই পক্ষই সংযম দেখিয়েছে। সমুদ্রে দুই পক্ষই ইঁদুর-বিড়াল কৌশল দেখিয়েছে।

উপকূলভিত্তিক জাহাজবিরোধী ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখে তাইওয়ান

তাইওয়ান বলেছে, তাদের উপকূলভিত্তিক জাহাজবিরোধী ক্ষেপণাস্ত্র ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের এফ-১৬ যুদ্ধবিমানগুলো ক্ষেপণাস্ত্রবিধ্বংসী অত্যাধুনিক সরঞ্জাম বহন করে। এর আগে গত শনিবারও চীনা যুদ্ধবিমান তাড়া করার কথা জানায় তাইওয়ান। তাদের দাবি, ১৪টি যুদ্ধবিমান তাইওয়ান সীমা অতিক্রম করেছিল। এ ছাড়া তাইওয়ান প্রণালিতে ১৪টি যুদ্ধজাহাজ মহড়া করেছে।

এদিকে রোববার দুপুরে আনুষ্ঠানিক মহড়া শেষ করার কথা থাকলেও তাইওয়ানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করতে পারেনি। মহড়ায় তাইওয়ানের চারপাশে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়। এটাকে বিশ্লেষকেরা দ্বীপটিকে অবরুদ্ধ করা এবং চূড়ান্তভাবে আগ্রাসন চালানোর অনুশীলন বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্র চীনের এই পদক্ষেপকে কাণ্ডজ্ঞানহীন বলেও নিন্দা জানায়।

তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তাইওয়ানের মূল দ্বীপে ও জলসীমায় জাহাজে হামলা চালানো অনুকরণ করে তাইওয়ান প্রণালিতে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও ড্রোন পাঠিয়েছে চীন। বেইজিং তাইওয়ানের দূরবর্তী দ্বীপগুলোতেও ড্রোন পাঠিয়েছে।

চীন বলেছে, তাইওয়ানের সঙ্গে সম্পর্ক অভ্যন্তরীণ বিষয়। প্রয়োজনে বল প্রয়োগ করে দ্বীপটিকে নিয়ন্ত্রণে আনার অধিকার সংরক্ষণ করে বেইজিং। তাইওয়ান চীনের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, শুধু তাইওয়ানের জনগণ তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।