অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশে কুকুর তেড়ে আসায় সেটির মালিককে হত্যার অভিযোগ উঠেছিল রাজিন্দ্র সিং নামের এক ভারতীয়র বিরুদ্ধে। সম্প্রতি তাঁকে গ্রেপ্তার করেছে ভারতের দিল্লি পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির
ঘটনা ২০১৮ সালের। স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর কুইন্সল্যান্ডের ওয়েনগেটি সমুদ্রসৈকতে গিয়েছিলেন ৩৮ বছর বয়সী রাজিন্দ্র। একই সময়ে সৈকতে কুকুর নিয়ে হাঁটছিলেন টোয়াহ কর্ডিংলে (২৪) নামের এক অস্ট্রেলীয় নারী। একপর্যায়ে কুকুরটি রাজিন্দ্রর দিকে তেড়ে গিয়ে ডাকতে থাকে। বিষয়টি নিয়ে দুজন বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এসব ঘটনা পুলিশকে জানিয়েছেন রাজিন্দ্র। তিনি বলেছেন, তাঁর কাছে কিছু ফল ও একটি ছুরি ছিল। বিতণ্ডার একপর্যায়ে কর্ডিংলেকে আঘাত করেন তিনি। পরে হত্যা করে তাঁর মরদেহ বালিতে পুঁতে দেন। এর দুই দিন পরে অস্ট্রেলিয়া ছেড়ে ভারতে পালিয়ে আসেন রাজিন্দ্র। এমনকি সঙ্গে নেননি তাঁর স্ত্রী ও তিন সন্তানকে।
রাজিন্দ্রকে গ্রেপ্তার করতে সতর্কতা জারি করে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। বিষয়টি জানানো হয় ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তাঁকে গ্রেপ্তারের জন্য ২১ নভেম্বর সমন জারি করে ভারতের পাতিয়ালার একটি আদালত। এরপর রাজিন্দ্রকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।