
চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের মধ্যে এ সপ্তাহে অনুষ্ঠেয় ত্রিপক্ষীয় বৈঠককে ‘যুগান্তকারী গুরুত্বের’ বলে বর্ণনা করেছে বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই বৈঠক বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকটি হবে আগামী বৃহস্পতিবার। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে তাঁরা বৈঠকে বসবেন। চলতি সপ্তাহে সেখানেই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা জোটের (অ্যাপেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
হোয়াইট হাউস গত সপ্তাহে জানিয়েছে, বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর উদ্যোগ নিয়ে কথা তুলবেন ট্রাম্প। তবে এ বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার উদ্যোগ প্রত্যাখ্যান করে আসছে চীন। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভান্ডার রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ সোমবার বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের মধ্যে এটিই হবে প্রথম মুখোমুখি বৈঠক।
মাও নিং বলেন, বিশ্বশান্তি রক্ষা এবং বৃহৎ শক্তিগুলোর সম্পর্কে কৌশলগত স্থিতিশীলতা এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁরা বিস্তারিত মতবিনিময় করবেন। এর গুরুত্ব যুগান্তকারী।
মাও বলেন, বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা করা এবং বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তিন দেশের ওপর।
চীনের এ কর্মকর্তা আরও বলেন, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, মতপার্থক্য সামাল দেওয়া এবং সম্পর্ক স্থিতিশীল করা—তিন দেশেরই স্বার্থের পক্ষে যায়।
মাওয়ের ভাষ্য, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশার সঙ্গেও সংগতিপূর্ণ। এতে বৈশ্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সংলাপ ও সহযোগিতা এগিয়ে নেওয়া সহজ হবে।
তবে ত্রিপক্ষীয় বৈঠকের আলোচ্যসূচিতে ঠিক কী কী বিষয় রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি মাও।
এদিকে আজ সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিন দেশের শীর্ষ বৈঠক থেকে পারমাণবিক নিরস্ত্রীকরণের কোনো উদ্যোগ এলে তাতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ।
চীন বলে আসছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার বড় হওয়ায় এ বিষয়ে তাদের সরাসরি আলোচনা করাই বেশি সংগত।
জাতিসংঘ দীর্ঘদিন ধরে পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষে কথা বলে আসছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ভূরাজনৈতিক উত্তেজনা এবং বৃহৎ শক্তিগুলোর মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতা বিশ্বে পারমাণবিক ঝুঁকি বৃদ্ধি করেছে।