
বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন ‘সিআইটিআইসি টাওয়ার’ বা ‘চায়না জুন’-এ একটি ছোট উড়োজাহাজ আঘাত হেনেছে। শুক্রবার বিকেলে বিশ্বের অন্যতম সুরক্ষিত এই শহরের কেন্দ্রস্থলে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১০৯ তলাবিশিষ্ট এ ভবন চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু স্থাপনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আকাশচুম্বী ওই ভবন থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ছে। মাটিতে উড়োজাহাজের লেজের অংশ এবং একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালাও পড়ে থাকতে দেখা গেছে।
সিএনএনের একজন সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, আকাশচুম্বী ওই ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের ভবনের প্রবেশপথের সামনের সড়কে অবস্থান করতে দেখা গেছে। ঘটনাস্থলে ছিল ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশ এবং অ্যাম্বুলেন্সও।
তবে চীনের কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বেইজিং পাবলিক সিকিউরিটি ব্যুরোর সংশ্লিষ্ট জেলা শাখা জানায়, তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানে না।
সিএনএন ঘটনার বিষয়ে তথ্য জানতে বেইজিং মিউনিসিপ্যালিটি গভর্নমেন্ট এবং উড়োজাহাজের মালিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পায়নি।
অনলাইনে ছড়িয়ে পড়া ছবির ‘রেজিস্ট্রেশন কোড’ দেখে ধারণা করা হচ্ছে, বিমানটি চীনে তৈরি ‘সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা’ মডেলের একটি হালকা স্পোর্টস এয়ারক্রাফট। স্থানীয় একটি উড়োজাহাজ চলাচল কোম্পানি এটির মালিক। এই কোম্পানি মূলত পাইলট প্রশিক্ষণ, বিনোদনমূলক ফ্লাইট এবং আকাশ থেকে ছবি তোলার কাজ করে থাকে।