আজ ২৫ নভেম্বর, শনিবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এর পাশাপাশি আরও কিছু উল্লেখযোগ্য খবরও আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।

ফিলিস্তিনের গাজায় গতকাল শুক্রবার থেকে চার দিনের যুদ্ধবিরতি চলছে। শর্ত অনুযায়ী, ইসরায়েল ও হামাস পরস্পর জিম্মি ও বন্দী বিনিময় শুরু করেছে। সেই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় সব ধরনের হামলা বন্ধ রেখেছে ইসরায়েলি বাহিনী। এ পরিপ্রেক্ষিতে ৪৮ দিন পর গতকাল শুক্রবার দিবাগত রাতে নির্ভয়ে ঘুমাতে পেরেছে গাজাবাসী।
ইসরায়েলের সঙ্গে চুক্তির আওতায় শুক্রবার বিদেশিসহ ২৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৩৯ বন্দী। যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের মধ্যেও বন্দী মুক্তির পর /প্রিয়জনকে কাছে পেয়ে ফিলিস্তিনিরা আনন্দে মেতেছেন।
গাজায় শুরু হওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বাস্তবসম্মত সুযোগ আছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, শুক্রবার প্রথম দফায় জিম্মিদের মুক্তি দেওয়ার মধ্য দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির ‘সবে সূচনা’ হয়েছে। ম্যাসাচুসেটসের ন্যানটাকেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট /ফিলিস্তিন ভূখণ্ডে সংঘাত ও যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন।
এদিকে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে কারাগারে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল শুক্রবার টাকসনের ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউশনে চৌভিনকে ছুরিকাঘাত করেন ওই কারাগারেরই আরেক বন্দী।
ভারতের রাজস্থান রাজ্যে আজ শনিবার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। ২০০ আসনের এই রাজ্যের বিধানসভা আসনের মধ্যে ১৯৯টিতে ভোটগ্রহণ হয়। এই নির্বাচন ঠিক করে দেবে, দীর্ঘ তিন দশকের প্রথা মেনে এবারও রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটবে কি না।