
রাশিয়ার আক্রমণের শুরু থেকেই ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এবার নতুন করে আরও অস্ত্র সহায়তা দিতে ১৫ কোটি মার্কিন ডলার সমমূল্যের প্যাকেজ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শুক্রবার এই ঘোষণা দেন তিনি। খবর এএফপির।
বাইডেন বলেন, ‘আমি আরেকটা নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করছি, যা ইউক্রেনকে কামানের গোলাবারুদ, রাডার ও অন্যান্য সরঞ্জাম সরবরাহে সহায়তা করবে।’ তবে এই সহায়তার ঘোষণার সময় মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, সহায়তা তহবিল শেষের দিকে। আরও অর্থসহায়তার অনুমোদন দিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নতুন এই প্যাকেজে আছে ২৫ হাজার ১৫৫ মিলিমিটার কামান গোলা, শত্রুপক্ষের গুলির উৎস জানাতে পারে এমন কাউন্টার-আর্টিলারি রাডার, ইলেকট্রনিক জ্যামিং সরঞ্জাম ও বাড়তি অংশ।
বাইডেন কংগ্রেসকে আরও ৩৩ বিলিয়ন ডলার সহায়তা প্যাকেজ অনুমোদনের জন্য চাপ দিচ্ছেন। পাঁচ মাসের জন্য প্রস্তাবিত এই সহায়তার মধ্যে আছে ২০ বিলিয়ন সামরিক সহায়তার প্রস্তাব।
রাশিয়ার সামরিক হামলায় ধুঁকতে থাকা ইউক্রেনে পশ্চিমা সহায়তা নিয়ে আলোচনা করতে আজ রোববার ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ভার্চ্যুয়ালি বৈঠক করবেন বাইডেনসহ বাকি অন্য জি-৭ নেতারা।
সামরিক সহায়তা ছাড়াও গোয়েন্দা তথ্য দিয়ে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। সেই সহায়তা পেয়ে রাশিয়ার সামরিক বাহিনীকে আঘাত করছে ইউক্রেনের বাহিনী।