ইউক্রেনে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া দুই ব্রিটিশকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা চলছে: যুক্তরাজ্য

দোনেৎস্কের একটি কারাগারে দুই ব্রিটিশ ও এক মরক্কোর নাগরিককে রাখা হয়েছে
ছবি: সংগৃহীত

ইউক্রেনের পক্ষে যুদ্ধ করার অভিযোগ এনে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া দুই ব্রিটিশকে মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস। বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গত বৃহস্পতিবার ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের স্বঘোষিত দোনেৎস্ক প্রজাতন্ত্রের একটি আদালতে দুই ব্রিটিশ ও এক মরক্কোর নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাঁরা হলেন যুক্তরাজ্যের নটিংহামশায়ারের এডেন অ্যাসলিন (২৮) ও বেডফোর্ডশায়ারের শন পিনার (৪৮) এবং মরক্কোর সাউদিন ব্রাহিম।

তবে দুই ব্রিটিশকে মুক্ত করতে দোনেৎস্ক প্রজাতন্ত্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন লিজ ট্রুস। তিনি বলেছেন, ‘আমি যতটা পারি, তার সবকিছুই করছি। সর্বোচ্চ উপায়ে তাঁদের ছাড়ানোর চেষ্টা করছি। আমার বিচারে এই উপায়টি সবচেয়ে ফলপ্রসূ।’

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাজা পাওয়া দুই ব্রিটিশ যুদ্ধবন্দী। তাঁদের সঙ্গে জেনেভা কনভেনশন অনুসারে আচরণ করা উচিত। দুজনকে মুক্ত করতে জোর দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও। তাঁর সরকারের মন্ত্রীদের এ বিষয়ে ‘সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ’-এর নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে দোনেৎস্কের আদালতে সাজা পাওয়া ওই দুজনকে মুক্ত করতে লন্ডনের পক্ষ থেকে মস্কোর কাছে কোনো সহায়তা চাওয়া হয়নি বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। আজ মঙ্গলবার তিনি বলেন, ‘তারা (যুক্তরাজ্য) এ বিষয়ে আমাদের কাছে কোনো আহ্বান জানায়নি।’