নেদারল্যান্ডসের বিতর্কিত উগ্র ডানপন্থী রাজনীতিক ফ্রিডম পার্টির প্রধান গ্রিট ভিল্ডার্স গতকাল বুধবার অস্ট্রেলিয়ায় ইসলামবিরোধী একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন। অ্যান্টি-ইসলাম অস্ট্রেলিয়ান লিবার্টি অ্যালায়েন্স নামের সংগঠনটি ‘ইসলামীকরণ প্রক্রিয়ার’ বিরুদ্ধে কাজ করবে। অনুষ্ঠানে বলা হয় ইউরোপের অস্ট্রিয়া, সুইডেন, ফ্রান্স ও সুইজারল্যান্ডের মতো দেশে এ ধরনের ইসলামবিরোধী রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং প্রভাবশালী ভূমিকা রাখছে। গ্রিট ভিল্ডার্স বলেন, ‘এখনই সময় আমাদের দেশগুলোকে পুনরুদ্ধার করার। মুসলিম-প্রধান দেশগুলো থেকে গণ-অভিবাসন এখনই বন্ধ করতে হবে। সরকারগুলোকে আমরা ইসলামীকরণ প্রক্রিয়া থামানোর আহ্বান জানাচ্ছি।’এএফপি