দীর্ঘদিন বন্ধ থাকার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল রোববার সকালে কাসপিয়ান সাগর থেকে বোমারু যুদ্ধবিমান টিইউ–৯৫ দিয়ে শহরটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে কিয়েভের পূর্বাঞ্চলের দুটি জেলা শহর বিস্ফোরণে কেঁপে ওঠে। কিয়েভের মেয়র ও ইউক্রেনের বিমানবাহিনী হামলার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ সেরিহ লেশচেঙ্কো বলেন, কিয়েভের রেলওয়ে অবকাঠামো লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎচকো বলেছেন, হামলায় তাৎক্ষণিকভাবে নিহত হওয়ার খবর জানা যায়নি। তবে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর কিয়েভের পূর্বাঞ্চলের দারনিতস্কি ও দানিপ্রোভস্কি জেলার আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
গত এপ্রিল মাসের শেষ দিকের পর থেকে কিয়েভে এটাই প্রথম ক্ষেপণাস্ত্র হামলা। সর্বশেষ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের একটি আবাসিক ভবন ধ্বংস হয় এবং সেখানে বসবাসরত রেডিও লিবার্টির একজন প্রযোজক নিহত হন।
কিয়েভের কেন্দ্রস্থল থেকে ২০ কিলোমিটার দূরে ব্রোভারি শহরের মেয়র বাসিন্দাদের বাড়ির বাইরে না যেতে অনুরোধ করেছেন।
হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেছেন, কিয়েভের উপকণ্ঠে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে টি-৭২ ট্যাংক এবং হ্যাঙ্গারে থাকা অন্যান্য সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। পূর্ব ইউরোপের দেশগুলো এগুলো সরবরাহ করেছিল।
ক্রেমলিন নতুন করে ধূর্ততার সঙ্গে আক্রমণ শুরু করেছে। কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার একটাই লক্ষ্য। আর তা হলো, যত বেশি মানুষকে হত্যা করা যায়।মাইখাইলো পদোলিয়াক, ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা
হামলার ঘটনায় ইউক্রেনের বিমানবাহিনীও বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী রুশ সেনারা কাসপিয়ান সাগর থেকে টিইউ-৯৫ যুদ্ধবিমানের সাহায্যে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পদোলিয়াক এ হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা দিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ারও আহ্বান জানান তিনি। পদোলিয়াক আরও বলেন, ক্রেমলিন নতুন করে ধূর্ততার সঙ্গে আক্রমণ শুরু করেছে। কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার একটাই লক্ষ্য। আর তা হলো, যত বেশি মানুষকে হত্যা করা যায়।
কিয়েভের কেন্দ্রস্থল থেকে ২০ কিলোমিটার দূরে ব্রোভারি শহরের মেয়র বাসিন্দাদের বাড়ির বাইরে না যেতে অনুরোধ করেছেন। কারণ, বিস্ফোরণের ফলে সৃষ্ট কালো ধোঁয়া থেকে উৎকট গন্ধ তৈরি হয়েছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে।
ইউক্রেন থেকে নব্য নাৎসি সরকার উৎখাতের কথা জানিয়ে গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা শুরু করে রাশিয়া। কিন্তু কিছুদিন পর কিয়েভ দখলের পরিকল্পনা বাদ দিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক শক্তি জোরদার করে ক্রেমলিন। এত দিন কেবল ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে হামলা করে আসছিল রাশিয়া। কিন্তু কিয়েভে নতুন করে রুশ হামলা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্কের মেয়র আলেকজান্ডার হোনচারেঙ্কো বলেছেন, তাঁদের এলাকায় রাতভর হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি।
ইউক্রেনে রুশ হামলা শুরুর ১০০তম দিন ছিল গত শুক্রবার। এদিন মস্কো জানায়, ইউক্রেনে চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আক্রমণ চলবে। কিয়েভ বলেছে, যুদ্ধ শুরুর পর তাদের ভূখণ্ডের ২০ শতাংশ দখলে নিয়েছে রাশিয়া। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনের বেশ কিছু অঞ্চলের স্বাধীনতা অর্জিত হয়েছে।
পূর্বাঞ্চল দনবাসের গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেৎস্কে রাশিয়া ও ইউক্রেনের বাহিনীর মধ্যে লড়াই তীব্র হয়েছে। শহরটির বেশির ভাগ এলাকা দখলে নেওয়ার দাবি করলেও শনিবার ইউক্রেনের এক কর্মকর্তা বলেন, শহরটিতে পাল্টা আক্রমণ করে বেশ কিছু এলাকা পুনর্দখল করা হয়েছে।