কিয়েভে রুশ বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

স্থানীয় গণমাধ্যমের খবর বলছে, বিমান ভূপাতিত করার পর কিয়েভে নয়তলা আবাসিক একটি ভবনে আগুন লেগেছে
ছবি: টুইটার

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যান্তন হেরাশচেঙ্কো দাবি করেছেন, রাজধানী কিয়েভের দরনিতসকি এলাকায় রাশিয়ার একটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। ৭ নম্বর কোসিৎসিয়া স্ট্রিটে একটি বাড়ির কাছে বিমানটিকে ভূপাতিত করা হয় বলে তিনি জানান। খবর বিবিসির।

কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা এমন বক্তব্য দিলেন।

স্থানীয় গণমাধ্যমের খবর বলছে, কিয়েভে নয়তলা আবাসিক একটি ভবনে আগুন লেগেছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো তিনজন আহত হওয়ার খবর জানিয়েছেন।

ইউক্রেনের সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এই বিস্ফোরণের খবর জানায়। বিস্ফোরণের পর আগুন ও ধোঁয়ার একটি ছবিও প্রকাশ করেছে ইন্টারফ্যাক্স।

গতকাল বৃহস্পতিবার কিয়েভের কাছে ব্রোভারি সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। সে সময়ও এমন শব্দ শোনা গেছে বলে ইন্টারফ্যাক্সের খবরে জানানো হয়। ওই হামলায় ছয়জন নিহত হন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ হামলায় তাঁর দেশের অন্ত ১৩৭ জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩১৬ জন।
ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের প্রথম দিনটি সফল হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এ তথ্য জানিয়েছেন।