
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে তীব্র বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। এর মধ্যেই শহরটি ঘিরে রুশ সেনাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছেন ইউক্রেনীয় সেনাসদস্যরা। আজ শনিবার সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর সময় থেকেই রাশিয়ার বোমা হামলার শিকার হয়েছে শহরটি। এসব হামলায় কতজনের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। নিহত ব্যক্তিদের মধ্যে রাশিয়া ও ইউক্রেনের সেনাসদস্যরা ছাড়াও বেসামরিক লোকজন রয়েছেন।
ইউক্রেনের সেনারা শিগগিরই খারকিভকে রুশ আর্টিলারি হামলার হুমকি থেকে মুক্ত করতে পারবেন বলে মনে করছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার। তাদের ভাষ্য, এর মধ্য দিয়ে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে চলমান যুদ্ধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ শহরটি ইউক্রেনীয়দের নিয়ন্ত্রণে চলে আসবে।
ইউক্রেনে হামলা শুরুর সময় রাশিয়ার লক্ষ্য ছিল দেশটিকে ‘নাৎসি প্রভাব’মুক্ত করা এবং নিরস্ত্র করা। তবে পরে লক্ষ্যে পরিবর্তন আনে মস্কো। জানায়, যুদ্ধে তাদের নতুন লক্ষ্য ইউক্রেনের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া। এ অঞ্চলেই অবস্থিত দনবাস।
এদিকে গত ২৪ ঘণ্টা ধরে খারকিভে বোমা হামলা চলছে। একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে হ্রিহোরি স্কোভোরোদা ন্যাশনাল মিউজিয়ামের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ। এ ঘটনায় ওই মিউজিয়ামের এক তত্ত্বাবধায়ক আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।