
সাত দশকের প্রতীক্ষা আর প্রায় দুই দশকের নির্মাণকাজ শেষে অবশেষে খুলল বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ। গতকাল বুধবার ‘গোথার্ড বেজ টানেল’ নামের এ সুড়ঙ্গটি আনুষ্ঠানিকভাবে খুলে দেয় সুইজারল্যান্ড কর্তৃপক্ষ।
সুইজারল্যান্ডের মধ্যবর্তী ইউরি ক্যান্টনের এর্স্টফিল্ড থেকে আল্পসের নিচ দিয়ে দক্ষিণাঞ্চলীয় তিসিনো ক্যান্টনের বোদিও পর্যন্ত নির্মিত হয়েছে ৫৭ কিলোমিটার লম্বা এ সুড়ঙ্গ। আর এর মাধ্যমে আল্পস পেরিয়ে ইউরোপের উত্তর আর দক্ষিণাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। আগামী ডিসেম্বরে ডাবল লাইনের এ সুড়ঙ্গের পুরো কার্যক্রমে যাওয়ার কথা। তখন থেকে জুরিখ থেকে ইতালির মিলান পর্যন্ত রেলভ্রমণে সময় কমে যাবে প্রায় এক ঘণ্টা। সুইজারল্যান্ড কর্তৃপক্ষের ভাষ্য, এ রেল সুড়ঙ্গ ইউরোপের যোগাযোগব্যবস্থা এবং পণ্য পরিবহনে আমূল পরিবর্তন আনবে।
গোথার্ড পাসের নিচ দিয়ে রেল সুড়ঙ্গ নির্মাণে ১৯৪৭ সালে প্রথম একটি খসড়া নকশা তৈরি করেন সুইস প্রকৌশলী কার্ল এডুয়ার্ড গ্রানার। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, নির্মাণ খরচের ব্যাপকতাসহ নানা প্রতিবন্ধকতার কারণে এ নির্মাণকাজ পিছিয়ে যায়। ১৯৯৯ সালে শুরু হয় দীর্ঘ প্রতীক্ষিত এ রেল সুড়ঙ্গ নির্মাণের কাজ। ১৭ বছর সময় আর ১২ বিলিয়ন সুইস ফ্রাঁ (১২ বিলিয়ন ডলার) খরচে অবশেষে গোথার্ড বেজ টানেল তার প্রথম যাত্রার জন্য প্রস্তুত হয়েছে।