দোনেৎস্কে ‘ইউক্রেনের হামলায়’ নিহত ৫, আহত ২২

ইউক্রেনীয় সেনারা একাধিক হামলা করেছেন বলে দাবি দোনেৎস্কের বিচ্ছিন্নতাবাদীদের
ছবি: রয়টার্স

রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী–অধ্যুষিত ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে স্থানীয় সময় গতকাল সোমবার অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২২ জন। বিচ্ছিন্নতাবাদীদের পক্ষ থেকে বলা হচ্ছে, ইউক্রেনীয় সেনাদের গোলাবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে। দোনেৎস্কে ইউক্রেনীয় সেনারা হামলা বাড়িয়েছেন বলে দাবি বিচ্ছিন্নতাবাদীদের। খবর রয়টার্সের।

বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তা ও রুশ বার্তা সংস্থাগুলো বলছে, দোনেৎস্কে একাধিক কামান হামলা করেছে ইউক্রেন। এর মধ্যে একটি মার্কেটও আছে। দোনেৎস্ক শহরে একটি মা ও শিশু হাসপাতালে হামলার পর সেখানে আগুন ধরে যায়। এতে হাসপাতালের বেজমেন্টে আশ্রয় নিতে বাধ্য হন রোগী ও হাসপাতালের কর্মীরা।

রয়টার্সের পক্ষ থেকে বলা হয়েছে, স্বতন্ত্রভাবে কেউই এ হামলার ব্যাপারে নিশ্চিত করতে পারেনি। এ ছাড়া হামলাগুলো কোথায় হয়েছে, তা-ও নিশ্চিত হতে পারেনি তারা। বিচ্ছিন্নতাবাদী ও রুশ বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনে ইউক্রেন হামলা করেছে বলা হলেও এ নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের হামলায় দোনেৎস্কে পাঁচজনের মৃত্যুর কথা জানিয়েছেন বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তারা। এদিকে দোনেৎস্কের বিচ্ছিন্নতাবাদীদের নেতা ডেনিস পুশিলিন ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করতে দোনেৎস্কে আরও রুশ সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, নিহত পাঁচজনের মধ্যে একটি শিশু রয়েছে। এ ছাড়া আরও ২২ জন আহত হয়েছেন। রাশিয়ার একজন প্রতিবেদকের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থাগুলো গতকাল সন্ধ্যায় একটি মা ও শিশু হাসপাতালে হামলার কথা জানায়। তবে হাসপাতালের কর্মীরা দ্রুত পদক্ষেপ নেওয়ায় কেউ হতাহত হননি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফানি দুজারিক বলেন, দোনেৎস্কের একটি হাসপাতালে হামলার প্রতিবেদন দেখেছেন জাতিসংঘের কর্মকর্তারা। দুজারিক বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক। বেসামরিক স্থাপনা, বিশেষ করে, স্বাস্থ্যসেবাকেন্দ্রে যেকোনো হামলা, আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।