নরওয়েতে বন্দুক হামলায় নিহত ২, আহত ১৪

বন্দুক হামলার পর নাইট ক্লাবটির বাইরে জরুরি সেবা বিভাগের বিপুল সদস্য অবস্থান নিয়েছেন
ছবি: রয়টার্স

নরওয়ের রাজধানী অসলোর একটি নাইট ক্লাব ও কাছের কয়েকটি সড়কে বন্দুক হামলায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। খবর রয়টার্সের।

স্থানীয় সময় আজ শনিবার এ হামলার ঘটনা ঘটে। পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, একমাত্র অপরাধী বলে ধারণা করা এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নরওয়ের স্থানীয় সংবাদপত্র আফটেনপোস্টেনকে পুলিশের মুখপাত্র টোরে বারস্টাড বলেছেন, অপরাধস্থল লন্ডন পাব থেকে কাছের একটি ক্লাব ও কাছাকাছি একটি সড়ক পর্যন্ত। স্থানীয় সময় শনিবার রাতে বন্দুক হামলার ওই ঘটনার কয়েক মিনিটের মাথায় সন্দেহভাজন হামলাকারীকে কাছের এক সড়ক থেকে গ্রেপ্তার করা হয়।

রয়টার্সের প্রতিবেদন বলা হয়েছে, দ্য লন্ডন পাব নামের ওই ক্লাব সমকামীদের কাছে জনপ্রিয় একটি পানশালা ও নাইটক্লাব। এর অবস্থান নরওয়ের প্রাণকেন্দ্রে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকের সাংবাদিক ওলাভ রোয়েনবার্গ বলেন, ‘আমি এক ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখি। এসেই তিনি গুলি শুরু করেন।’

তবে কী কারণে এই বন্দুক হামলা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শনিবার দিনশেষে অসলোতে বার্ষিক ‘প্রাইড প্যারেডের’ আয়োজন করা হয়েছে।

অসলো পুলিশ বিভাগের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, ‘বন্দুক হামলায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

পুলিশ বলেছে, বন্দুক হামলার ঘটনায় আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

দেশটির সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা যায়, লন্ডন পাবের বাইরে জরুরি সেবাদাতা বিভাগের বিপুল সদস্য অবস্থান নিয়েছেন। উপস্থিত ব্যক্তিদের মধ্যে পুলিশ ও অ্যাম্বুলেন্সের কর্মীরা আছেন। অসলোর কেন্দ্রস্থলের ওপরে একাধিক হেলিকপ্টারও দেখা গেছে। শহরজুড়ে শুধু পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্সের শব্দ।