ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভেঙে পড়ার ঝুঁকিতে আছে বলে সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুয়েল ভালস। রাজধানী বার্লিনে গত বৃহস্পতিবার সুইদয়চে সাইতুং পত্রিকা আয়োজিত একটি অনুষ্ঠানে মানুয়েল ভালস এ সতর্কবাণী উচ্চারণ করেন। ইইউ সদস্যদেশগুলোর মধ্যে ‘একতার অভাব’ এবং যুক্তরাজ্যের ইইউ ছেড়ে বেরিয়ে যাওয়ার গণভোটের বিষয়ের উল্লেখ করে ফরাসি প্রধানমন্ত্রী বলেন, ‘ইউরোপ ভেঙে পড়ার বিপদের মুখে আছে। সুতরাং, এ ক্ষেত্রে জার্মানি ও ফ্রান্সের বিশাল একটি দায়িত্ব রয়েছে। ফ্রান্স ও জার্মানি অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থানে গতিসঞ্চার এবং নাগরিকদের উদ্বেগ নিরসনে কঠিন চেষ্টা না করলে বিপদ থেকেই যাবে।