রাশিয়ার গোলা হামলা এত তীব্র যে মানুষ আশ্রয়কেন্দ্রেও টিকতে পারছে না: ইউক্রেনের কর্মকর্তা

পূর্ব ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক শহরের বেশির ভাগ এলাকা রয়েছে রাশিয়ার দখলে। শহরটির দখল নিতে ব্যাপক গোলা হামলা চালায় রুশ বাহিনী
ফাইল ছবি: এএফপি

পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের লিসিচানস্ক শহর দখলে নিতে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়া। চলছে দফায় দফায় গোলাবর্ষণ। লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই বলেছেন, শহরটিতে রুশ বাহিনীর গোলা হামলা এত শক্তিশালী যে লোকজন আশ্রয়কেন্দ্রেও টিকতে পারছে না। খবর আল-জাজিরার

ইউক্রেনের পূর্বাঞ্চল দখলের চেষ্টায় মরিয়া রাশিয়া। এ অঞ্চলের সেভেরোদোনেৎস্ক শহরের বেশির ভাগ এলাকা এখন রুশ বাহিনীর দখলে। এখন পাশের লিসিচানস্ক শহরের দিকে নজর দিয়েছে তারা। পূর্ব ইউক্রেনে কৌশলগতভাবে শহর দুটি বেশ গুরুত্বপূর্ণ।

আজ মঙ্গলবার যুদ্ধ পরিস্থিতির হালনাগাদ তথ্য দিয়ে বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে একটি পোস্ট করেন সেরহি হাইদাই। তিনি বলেন, লিসিচানস্কের অবস্থা ‘সত্যিকারের নরকের’ মতো। এখানের বাসিন্দারা মারাত্মক হুমকির মুখে রয়েছেন। শুধু রাতেই তাঁরা চলাফেরার সুযোগ পাচ্ছেন।

লুহানস্কের গভর্নর বলেন, ‘রাশিয়ার গোলা হামলা এত শক্তিশালী যে লোকজন আশ্রয়কেন্দ্রেও টিকতে পারছেন না। তবে যতক্ষণ অন্তত একটি জীবন বাঁচানোও সম্ভব হবে, ততক্ষণ আমরা হার স্বীকার করব না।’ লিসিচানস্ক ও এর আশপাশের জনবসতিগুলো থেকে ৭০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে সেভেরোদোনেৎস্ক শহরের আজত রাসায়নিক কারখানায় আশ্রয় নেওয়া ইউক্রেনীয় সেনাদের আগামীকাল বুধবার আত্মসমর্পণের সুযোগ দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে, ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর সঙ্গে সেভেরোদোনেৎস্কের সংযোগকারী সব সেতু ধ্বংস করা হয়েছে। এমন পরিস্থিতিতে আজত কারখানা থেকে বেসামরিক লোকজনকে নিরাপদে সরে যাওয়ার পথ তৈরি করে দিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে কিয়েভ।