
সুইডেনের নরসেপিং শহরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বিক্ষোভ চলার সময় পুলিশের ছোড়া গুলিতে আহত হন তাঁরা। খবর রয়টার্সের।
সহিংসতার সূত্রপাত গত বৃহস্পতিবার। এদিন ডেনমার্কের উগ্র ডানপন্থী রাজনৈতিক দল স্ট্রাম কুরস পার্টির নেতা রাসমুস পালুদান বিক্ষোভ-সমাবেশের আয়োজন করেন। সুইডেনজুড়ে বেশ কয়েকটি সমাবেশের অনুমতি পেয়েছিলেন তিনি। এ সমাবেশে পবিত্র কোরআন পোড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল।
এমন অবস্থায় রাসমুসের বিক্ষোভ ভণ্ডুল করে দিতে পাল্টা বিক্ষোভ শুরু হয়। সুইডেনের বেশ কিছু শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। কিছু কিছু জায়গায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। আহত হন তিনজন।
এক অনলাইন বিবৃতিতে পুলিশ বলেছে, তিন ব্যক্তি সম্ভবত বুলেটবিদ্ধ হয়েছেন। তাঁদের এখন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরাধকর্মে লিপ্ত থাকা সন্দেহে তাঁদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কামুক্ত বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
পুলিশ বলেছে রোববার সন্ধ্যা নাগাদ পরিস্থিতি ঠান্ডা হয়েছে। সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছেন।
গত কয়েক দিন ধরেই সুইডেনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে গুরুতর সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বেশ কয়েকটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে।