
যুদ্ধের এই এক বছরে রাশিয়ার ১ লাখ ৪৮ হাজার ১৩০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। গত রোববার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে রুশ সেনাদের প্রাণহানির এ হিসাব দেওয়া হয়। বলা হয়, ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির পরদিন (২৫ ফেব্রুয়ারি) রাশিয়ার ৬৬০ সেনা নিহত হয়েছেন। পরদিন নিহত হয়েছেন আরও ৬৫০ রুশ সেনা।
ইউক্রেনের পক্ষ থেকে রুশ সেনা নিহতের এ হিসাব যাচাই করা সম্ভব হয়নি। অবশ্য, ইউক্রেন যুদ্ধে রুশ সেনা নিহতের যে হিসাব কিয়েভ সাধারণত দিয়ে থাকে, পশ্চিমা দেশগুলোর চেয়ে তা অনেক বেশি হয়। রাশিয়া সবশেষ সেপ্টেম্বরে জানিয়েছিল, তাদের ৬০০ সেনা নিহত হয়েছেন। এরপর আর হিসাব দেয়নি ক্রেমলিন।
গত রোববার ছিল রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপ দখলের নবম বার্ষিকী। ২০১৪ সালে ইউক্রেনের এই উপদ্বীপ দখলে নেয় মস্কো। প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার টুইট করে, ‘৯ বছর আগে রাশিয়া আমাদের ওপর যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, আজ তা স্মরণ করছি। আবার বলছি, আমাদের প্রতিরোধ যুদ্ধ থামবে না এবং ক্রিমিয়া একদিন স্বাধীন হবে।’
এর আগে গত শনিবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, শুক্রবার রাশিয়ার ১২টি ট্যাংক দখল করেছে তারা। পরদিন আরও ছয়টি রুশ ট্যাংক ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। শহরের প্রাণকেন্দ্রে ধ্বংস হয়ে পড়ে থাকা রুশ ট্যাংক ইউক্রেনের বাসিন্দাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তাঁরা এসব ট্যাংকের পাশে প্রায়ই ছবি তোলেন।
দুই দিনে রুশ ট্যাংক ধ্বংস ও দখলের হিসাব ছাড়া ইউক্রেন জানিয়েছে, গত শুক্র ও শনিবার রুশ বাহিনী আরও বেশ কিছু সামরিক সরঞ্জাম হারিয়েছে। এর মধ্যে আছে ১৫টি সাঁজোয়া যান, গোলা ছোড়া যায় এমন ১৭টি যানবাহন, চারটি ড্রোন ও ১৮টি অন্যান্য সামরিক যান। এ ছাড়া জ্বালানিবাহী একাধিক ট্যাংকও হারিয়েছে।