রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন জয়ী হবে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ছবি: এএফপি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে তাঁর দেশ সাফল্যের সঙ্গে লড়বে, জয়ী হবে।

ইউক্রেনে রুশ হামলার বর্ষপূর্তির প্রাক্কালে গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কথা বলেন জেলেনস্কি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধের এক বছর পূর্ণ হলো আজ।

গত এক বছরে যুদ্ধক্ষেত্রে তিনটি বড় ধাক্কা খেলেও ইউক্রেনের এক-পঞ্চমাংশ এখনো রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। যুদ্ধের এক বছরের মাথায় এসে রাশিয়া হামলা জোরদার করেছে। ইউক্রেন বলছে, তারাও পাল্টা হামলা জোরালো করতে যাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ভেঙে পড়িনি। আমরা অনেক কঠিন পরীক্ষা অতিক্রম করেছি। আমরা জয়ী হব।’

জেলেনস্কি বলেন, যাঁরা এই দুর্ভোগ, এই যুদ্ধকে ইউক্রেনে নিয়ে এসেছেন, তাঁদের সবাইকে তাঁরা জবাবদিহির আওতায় আনবেন।

পশ্চিমা সূত্রের অনুমিত হিসাব অনুযায়ী, এ যুদ্ধে উভয় পক্ষের ১ লাখ ৫০ হাজার করে সেনা হতাহত হয়েছেন। এ ছাড়া ইউক্রেনের ৩০ থেকে ৪০ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

ইউক্রেনের প্রায় ৯৫ শতাংশ মানুষ মনে করছেন, তাঁরা রুশ বাহিনীকে পরাজিত করতে পারবেন। চলতি মাসের শুরুতে ইউক্রেনভিত্তিক প্রতিষ্ঠান রেটিং গ্রুপ ইনস্টিটিউটের করা এক জরিপে এই তথ্য উঠে এসেছে।