
সিগারেট খেয়ে পোড়া অংশ অনেকে ছুড়ে ফেলে দেন সড়কে। এতে সড়কে আবর্জনা তৈরি হয়। সিগারেটের পোড়া অংশ ডাস্টবিনে ফেলার নিয়ম। কিন্তু অনেকে তা করেন না। আর পোড়া অংশ সড়কে ফেললে অনেকেই বিপাকে পড়েন। যেমন পড়েছেন যুক্তরাজ্যের এক নাগরিক। সড়কে সিগারেটে অবশিষ্টাংশ ফেলে ৫৫৮ পাউন্ড জরিমানা দিতে হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৩ হাজার টাকা (১ পাউন্ড=১৩১ টাকা)।
ওই ব্যক্তির নাম অ্যালেক্স ডেভিস। তিনি সিগারেট খেয়ে শেষাংশ (ফিলটার) সড়কে ফেলে দেন। তাঁকে সিটি কাউন্সিলের কর্মকর্তারা এটি করতে নিষেধ করেন। এরপর রাস্তায় আবর্জনা ফেলার জন্য শাস্তির একটি নোটিশও ধরিয়ে দেওয়া হয় তাঁকে।
অ্যালেক্স ডেভিস গ্লুচেস্টারশায়ারের কাছের ওডরুফের পথ দিয়ে ধূমপান করতে করতে হাঁটছিলেন।
সিগারেট শেষ হয়ে যাওয়ায় পৌর কর্মকর্তাদের সামনেই রাস্তায় ফেলে দেন পোড়া অংশ। এরপর হেঁটে চলে যাওয়ার পথেই ধরে ফেলেন পৌর কর্মকর্তারা। প্রথমে তাঁকে অল্প জরিমানা করা হয়। তিনি তা মানেননি। এরপর তাঁকে আরও জরিমানা করা হয়। তবে লোকটি অপরাধ স্বীকার করেন। কিন্তু ধার্য করা জরিমানা দিতে রাজি হননি। তাই বিষয়টি আদালতে গড়ায়। শেষ পর্যন্ত তিন গুণেরও বেশি জরিমানা দিতে হয় তাঁকে, অঙ্কে যা ৫৫৮ পাউন্ড।
সিগারেটের শেষাংশ সম্পূর্ণ সিগারেটের তুলনায় অনেক বেশি ক্ষতিকর। এর মধ্যে যেসব উপাদান থাকে, তা পচে পরিবেশের সঙ্গে মিশে যেতে ১৮ মাস থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগে।
সাউথ গ্লুচেস্টারশায়ার কাউন্সিলের পরিবেশসংক্রান্ত সদস্য র্যাচেল হান্ট বলেন, নিয়মিত সচেতনতা প্রসারের কর্মসূচি করার পরেও এমন অপরাধ করেছেন অ্যালেক্স ডেভিস। তাই তাঁকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।