
কেতাদুরস্ত পোশাকে দুই পুরুষ ও এক নারী। পোশাক দেখে তাঁদের ‘মতলব’ নিয়ে সন্দেহ হওয়ার কারণ ছিল না। কিন্তু দোকানে ঢোকার পর বোঝা গেল তাঁরা আসলে ক্রেতা নন, এসেছেন ডাকাতি করতে। অস্ত্র দেখিয়ে কয়েক মিনিটের মধ্যেই দোকান থেকে নিয়ে গেলেন এক কোটি ১০ লাখ ডলার দামের অলংকার।
গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রাণকেন্দ্রে গহনা ও ঘড়ির একটি বিলাসবহুল দোকানে ডাকাতির এ ঘটনা ঘটে। স্থানীয় সময় বেলা ১টার দিকে যে তিন ব্যক্তি এই ডাকাতি করেন তাঁদের একজনের হাতে একটি অস্ত্র ছিল বলে জানায় স্থানীয় কৌঁসুলির কার্যালয় ও পুলিশ।
পুলিশ বলছে, প্যারিসের রু দে লা পেক এলাকায় অবস্থিত বিলাসবহুল অলংকার ও ঘরির ব্রান্ড পিয়াজোঁর একটি শো রুম থেকে ওই তিনজন ডাকাত এসব অলংকার নিয়ে গেছেন। ওই এলাকায় বেশির ভাগ দোকানই বিলাসবহুল গহনার। ডাকাতির এই ঘটনায় কেউ আহত হননি।
দিনেদুপুরে একটি দোকান থেকে এত বড় ডাকাতির ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছেন প্যারিসের পুলিশ। ডাকাতিতে জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্যারিসের ওই এলাকায় সাম্প্রতিক সময়ে অস্ত্রের ভয় দেখিয়ে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। সর্বশেষ গত এপ্রিলে মুখে মোটরসাইকেলে করে তিন ব্যক্তি অপর একটি গহনার দোকানে ডাকাতি করে। ওই তিন ডাকাত দোকানটি থেকে কয়েক কোটি টাকা মূল্যের গহনা নিয়ে গিয়েছিল।