যৌন সহিংসতার দায়ে ৯ জনের বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা ইইউর

ইউরোপীয় ইউনিয়নের পতাকা
ছবি: রয়টার্স

যৌন সহিংসতা ও নারীদের অধিকার লঙ্ঘনে জড়িত তিনটি প্রতিষ্ঠান ও দুই রুশ কমান্ডারসহ নয়জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। গত মঙ্গলবার এ নিষেধাজ্ঞার কথা সামনে এসেছে।

যৌন সহিংসতায় জড়িত অপরাধীদের লক্ষ্য করে এই প্রথম কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ। মানবাধিকার অপব্যবহারকারীদের শাস্তি দেওয়ার জন্য ২০২০ সালে গ্রহণ করা নীতি অনুযায়ী এই প্রথম এ ধরনের পদক্ষেপ নেওয়ার ঘটনা ঘটতে যাচ্ছে।

নিষেধাজ্ঞার তালিকায় মস্কোর দুই পুলিশ কর্মকর্তা, দুই তালেবান কর্মকর্তা, মিয়ানমার ও দক্ষিণ সুদানের কর্মকর্তারও রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইইউয়ের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার আগেই তারা তা দেখেছে। ওই তালিকায় ইরানের ঘারচাক কারাগার অন্তর্ভুক্ত রয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই তালিকা প্রকাশ করবে ইইউ।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েকস্ট্রা বলেন, ‘নিষেধাজ্ঞা জারির মাধ্যমে আমরা অপরাধীদের পরিষ্কার বার্তা দিতে চাই যে অপরাধ করে কেউ পার পাবে না। এ ভয়াবহ অমানবিক কাজের পরিণতি ভোগ করতে পারে। আমরা ভুক্তভোগীদের কাছে বার্তা দিতে চাই, বিশ্বের যেখানেই থাকুন না কেন ইইউ আপনাদের সমর্থন করবে।’

নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের কোনো সম্পদ ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে থাকলে তা জব্দ করা হবে। এ ছাড়া তাঁরা ইউরোপ সফর করতে পারবেন না। নিষেধাজ্ঞার আওতায় থাকা কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিতে ইউরোপের কোনো প্রতিষ্ঠান সেবা দিতে পারবে না।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা দুই রুশ কর্মকর্তা হলেন নিকোলাই কুজনেতসোভ ও রামিল ইবাতুলিন।