পর্তুগালে তাক লাগাচ্ছে ভাসমান সৌরবিদ্যুৎকেন্দ্র

কার্বন নির্গমন কমাতে পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি ব্যবহারের চাপ বাড়ছে। পর্তুগালে এক বাঁধের জলাশয়ে ভাসমান সোলার প্যানেল ব্যবহার করে অভিনব সমাধানসূত্র তুলে ধরা হচ্ছে। এশিয়ায়ও এমন প্রকল্পের প্রতি আগ্রহ বাড়ছে।

পর্তুগালের আলকেভা জলাশয়ে ইউরোপের সবচেয়ে বড় ভাসমান সোলার পার্ক শোভা পাচ্ছে, যা প্রায় ছয়টি ফুটবল মাঠের সমান। একমাত্র নৌকায় করে সেখানে পৌঁছানো যায়। এমন এক নৌকায় বসে ইডিপি কোম্পানির গ্রুপ ডিরেক্টর মিগেল পাতেনা একের পর এক সাক্ষাৎকার দিয়ে চলেন।

পাঁচ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎক্ষেত্র তৈরির কাজ শেষ করতে এই জ্বালানি কোম্পানির সাত বছর সময় লেগেছে। পাতেনা বলেন, ‘এটা পুরোপুরি কাজ করছে। সবাই এর সম্ভাবনা পুরোপুরি উপলব্ধি করছেন। শুধু জ্বালানি বিক্রিই আমাদের টিমের আসল লক্ষ্য নয়। যতটা সম্ভব কম সম্পদ ব্যবহার করে টেকসই প্রক্রিয়া হলো প্রধান।’

পর্তুগালের জ্বালানি কোম্পানি পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিতে বিশাল বিনিয়োগ করছে। গোটা দেশে মাত্র ছয় শতাংশ জ্বালানির উৎস সৌরশক্তি। ভাসমান সোলার পার্কের একটা বাড়তি সুবিধা রয়েছে। কারণ, সেগুলো এমন জায়গা দখল করে, যেটা অন্য কোনোভাবে ব্যবহার করা সম্ভব নয়। পানিতে থাকার কারণে জমির তুলনায় আরও কার্যকরভাবে জ্বালানি উৎপাদন করা যায়। প্যানেল বেশি গরম হয় না, ফলে বেশিদিন টেকে।

যতটা সম্ভব জ্বালানি উৎপাদন করতে হলে প্যানেলগুলো পরিষ্কার রাখা জরুরি। সেই কাজ করার সময় ব্যালেন্সের ক্ষমতা ও ধৈর্য অত্যন্ত জরুরি। মিগেল পাতেনা মনে করেন, ‘সৌরশক্তি এখনো পুরোপুরি বিকল্প হয়ে ওঠেনি, বরং অন্যান্য উৎসের পাশাপাশি সম্পূরক হিসেবে কাজে লাগানো হচ্ছে। আরও অগ্রসর হয়ে পরিবর্তন ও কার্বন নির্গমন পুরোপুরি বন্ধ করার প্রক্রিয়ার ক্ষেত্রে এটা একটা সমাধানসূত্র।’

সারিবদ্ধ সৌর প্যানেলগুলো বাঁধের জলবিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে গ্রিডের সঙ্গে সংযুক্ত। উদ্বৃত্ত সৌরশক্তি সংরক্ষণ করা যায় কিংবা পানি আবার ওপরে আনার লক্ষ্যে পাম্প চালাতে ব্যবহার করা যায়। সেই পানি জলবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে। আলকেভা জলাধারে ১২ হাজার প্যানেল ও ২৫ হাজার ফ্লোটার পানি, বাতাস ও রুক্ষ ঢেউ সামলাতে সক্ষম। তা আগেভাগেই পরীক্ষা করে দেখা হয়েছে।

স্পেনের আলিকান্তে অঞ্চলের এক কারখানায় ফ্লোটারগুলো তৈরি করা হয়েছে। এই প্রযুক্তির নেপথ্যে অন্যতম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন খুয়ান কার্লোস অ্যারনান্দেস। পুনর্ব্যবহৃত পলিথিন প্লাস্টিক দিয়ে সেগুলো তৈরি করা হয়েছে। পণ্যগুলো হটকেকের মতো বিক্রি হচ্ছে। অ্যারনান্দেস বলেন, ‘আমরা ছোট একটি কোম্পানি। কিন্তু গত কয়েক বছরে আমাদের আকার বাড়ছে। এখন অন্তত ২০ জন ডিজাইন, বাণিজ্যিক দিক ও ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছেন। উৎপাদন ক্ষেত্রে ৩০ থেকে ৪০ জন শ্রমিক নিয়োজিত।’

অ্যারনান্দেস ও এমিলিয়ো পন্সের সাফল্যের কাহিনি অনেক লম্বা। ২০০৮ সালে তাঁরা এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। এখন তাঁরা ফ্লোটারগুলো অন্য ধরনের পরিবেশের জন্য প্রস্তত করে তুলছেন। যেমন পয়োনিষ্কাশন প্ল্যান্ট বা কৃষিবর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র।

আলকেভার সৌর প্ল্যান্ট ইউরোপের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদের এক শতাংশও ঢাকতে পারেনি। হ্রদের ওপর আরও বড় আকারের ভাসমান অ্যারে তৈরির পরিকল্পনা করছে ইডিপি। ২০৩০ সালের মধ্যে পর্তুগাল শতভাগ পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি উৎপাদনের যে লক্ষ্যমাত্রা স্থির করেছে, এই উদ্যোগ তারই অংশ।

মিগেল পাতেনা বলেন, ‘এটা পর্তুগালের জন্য একটা মাপকাঠি এবং বাকি বিশ্বের জন্যও একটা দৃষ্টান্ত। আমাদের প্রকল্পই প্রথম জলবিদ্যুৎকেন্দ্র ব্যবহার করছে এবং বিশেষ করে এশিয়ার জন্য মাপকাঠি হয়ে উঠছে। এশিয়ায় এমন প্রকল্পকে ঘিরে গভীর আগ্রহ রয়েছে। কারণ, সেখানেও বিশাল বাঁধ রয়েছে এবং জ্বালানি সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তারাও এমন ধরনের প্রকল্প বড় আকারে শুরু করবে।’