স্কুলে হামলাকারী ‘নব্য নাৎসি’ গোষ্ঠীর সদস্য: রাশিয়া

স্কুলে বন্দুক হামলার পর এলাকাটি ঘিরে রেখেছেন রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা
 ছবি: রয়টার্স

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যে রাশিয়ার একটি স্কুলে বন্দুক হামলা হয়েছে। সোমবার মধ্যাঞ্চলের শহর ইজেভস্কে ওই হামলায় ৭ শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। হামলাকারী নব্য নাৎসিবাদী গোষ্ঠীর সদস্য বলে দাবি করেছে রুশ সরকার।

রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৯৭০ কিলোমিটার পূর্বে উদমুর্তিয়া অঞ্চলের রাজধানী ইজেভস্কের স্কুলে বন্দুক হামলা হয়, যেখানে ৬ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের পড়ানো হয়। তবে কেন এ হামলা চালানো হয়েছে, তা স্পষ্ট নয়।

রাশিয়ায় সাম্প্রতিক বছরগুলোয় স্কুলে বন্দুক হামলার বেশ কিছু ঘটনা ঘটেছে। দেশটিতে সর্বশেষ এ বন্দুক হামলার ঘটনা এমন এক সময়ে হলো, যখন ইউক্রেনে রাশিয়ার বাহিনীর কোণঠাসা হওয়ার খবর পাওয়া যাচ্ছে এবং দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আরও কয়েক লাখ রিজার্ভ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন।

রাশিয়ার জাতীয় তদন্ত সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে বলেছে, বন্দুক হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জন প্রাপ্তবয়স্ক ও সাতজন শিশু। আরও ১৪ শিশু ও ৭ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হামলায় আহত হয়েছেন। ৩৪ বছর বয়সী হামলাকারীর নাম আর্তিনোভ কাজানৎসেভ। তিনি ওই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী।

তদন্তকারী কর্মকর্তারা জানান, বন্দুক হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নিরাপত্তারক্ষী ও দুজন শিক্ষক রয়েছেন। এ ছাড়া সন্দেহভাজন হামলাকারী গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। সংস্থাটি আরও জানিয়েছে, নাৎসি প্রতীক-সংবলিত টি-শার্ট পরা এক মুখোশধারী বন্দুকধারী এ হামলা চালিয়েছেন।  

উদমুর্তিয়ার আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বেশ্চালভ ইজেভস্কের স্কুলে হামলায় হতাহতের এ খবর নিশ্চিত করেছেন। তাঁকে উদ্ধৃত করে বার্তা সংস্থা আরআইএ বলেছে, একজন অজ্ঞাতনামা বন্দুকধারী স্কুলে ঢুকে প্রথমে নিরাপত্তারক্ষীদের হত্যা করেন। এরপর ভেতরে থাকা শিক্ষক ও শিক্ষার্থীদের হত্যার পর আত্মহত্যা করেন।
স্কুলে বন্দুক হামলার ঘটনায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত উদমুর্তিয়া অঞ্চলে শোক ঘোষণা করেছেন গভর্নর বেশ্চালভ।

স্কুলে হামলার পর জরুরি সেবা বিভাগের কর্মী ও স্বাস্থ্যসেবাকর্মীদের তৎপরতা দেখা যায় সেখানে। এর মধ্যে কয়েকজনকে স্ট্রেচার নিয়ে স্কুলের ভেতরে ঢুকতে দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত ব্যক্তিদের উদ্ধার ও সেবা দিতে সেখানে ১৪টি অ্যাম্বুলেন্স রয়েছে।  

 স্কুলে বন্দুক হামলাকে ‘বর্বরোচিত সন্ত্রাসী হামলা’ অভিহিত করে নিন্দা জানিয়েছেন পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, স্কুলে একজনের সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন। হামলাকারী একটি নব্য নাৎসি গোষ্ঠীর সদস্য বলে ধারণা। পেসকভ আরও বলেছেন, ওই স্কুলে বর্বরোচিত বন্দুক হামলায় যাঁরা আহত হয়েছেন, দ্রুত তাঁদের আরোগ্য কামনা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইজেভস্ক শহরের স্কুলে বন্দুক হামলায় কয়েক ঘণ্টা আগে সাইবেরিয়ায় রাশিয়ার সশস্ত্র বাহিনীর এক নিয়োগকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। বন্দুকধারী এক ব্যক্তি নির্বিচার গুলি চালাতে শুরু করলে নিয়োগকারী কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

২০২১ সালের মার্চে কাজানে ৭ শিশুসহ ৯ জনকে হত্যা করে এক কিশোর বন্দুকধারী। এ ছাড়া গত এপ্রিলে উলিয়ানভস্ক অঞ্চলের একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে দুই শিশু ও এক শিক্ষককে হত্যা করেন এক বন্দুকধারী। পরে বন্দুকধারী আত্মহত্যা করেন।