দনবাসে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার দাবি ইউক্রেনের

ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত শহরে চলছে রুশ হামলা
ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনের দনবাস অঞ্চলে দফায় দফায় হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এ অঞ্চলের বাখমুতসহ অন্যান্য শহরের অবস্থা সবচেয়ে ভয়াবহ। তবে প্রতিরোধ গড়েছে ইউক্রেনীয় বাহিনীও। পূর্ব দনবাসজুড়ে নিজেদের শক্তি জোরদার করেছে তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল রোববার এসব তথ্য জানিয়েছেন।

দনবাসের এমন পরিস্থিতির মধ্যে এ অঞ্চলের ক্রামাতোরস্ক এলাকায় হামলা চালিয়ে ৬০০ ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করেছে মস্কো। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ক্রামাতোরস্কে ইউক্রেনীয় সেনাদের ব্যারাক হিসেবে ব্যবহৃত দুটি ভবন নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এ হামলার মধ্য দিয়ে নববর্ষের প্রাক্কালে দোনেৎস্কের মাকিভকায় ইউক্রেনীয় বাহিনীর হামলার প্রতিশোধ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। ওই হামলায় মাকিভকায় ৮৯ জন রুশ সেনা নিহত হয়েছেন বলে স্বীকার করেছিল মস্কো। তবে ইউক্রেনের দাবি, মাকিভকায় ৪০০ রুশ সেনা নিহত হয়েছেন।

ক্রামাতোরস্কে হামলা নিয়ে রাশিয়ার নতুন দাবি অবশ্য প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটির সশস্ত্র বাহিনীর পূর্বাঞ্চলীয় দলের মুখপাত্র সের্গেই চেরেভাতি বলেন, ইউক্রেনের সব হিমার্স রকেটব্যবস্থা ধ্বংস করে দেওয়ার রাশিয়ার দাবি যেমন, এ কথাও তেমন। রাশিয়া সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারেনি।

হামলা হয়েছে পূর্ব ইউক্রেনের শেভচেনকোভ গ্রামেও। গ্রামটির একটি বাজারে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেনের খারকিভ অঞ্চলের রাজধানীর দক্ষিণ–পশ্চিমে অবস্থিত শেভচেনকোভ গ্রাম। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, গ্রামটিতে হামলার শিকার বাজারে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চলছে। খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনেহুবভ বলেছেন, আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‘অস্ত্র সরবরাহ ভোগান্তি বাড়াবে’

এদিকে ইউক্রেনে হালকা ট্যাংক পাঠাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। এ নিয়ে আজ সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর অস্ত্র পাঠানোর পদক্ষেপে ইউক্রেনের মানুষের দুর্দশা আরও বাড়বে।

গত সপ্তাহে ইউক্রেনে ফ্রান্সের তৈরি ‘এএমএক্স–১০ আরসি’ মডেলের ট্যাংক পাঠানোর ঘোষণা দেন মাখোঁ। গত শতকের আশির দশক থেকে হালকা ধরনের এ ট্যাংক ব্যবহার করা হচ্ছে। এর মধ্য দিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে ফ্রান্সই প্রথম ইউক্রেনকে ট্যাংক দিতে যাচ্ছে। এদিকে ফরাসি প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের পর এখন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজকেও ইউক্রেনে ট্যাংক সরবরাহের জন্য আহ্বান জানানো হয়েছে।