বেতন বৃদ্ধি ও উন্নত কর্মপরিবেশের দাবিতে পর্তুগালে বিক্ষোভ করছেন শিক্ষক ও স্কুলের কর্মকর্তা–কর্মচারীরা। রাজধানী লিসবনের রাস্তায় রাস্তায় চলছে আন্দোলন। বিক্ষোভে পর্তুগালের শিক্ষামন্ত্রী জোয়াও কস্তার পদত্যাগেরও আহ্বান জানানো হয়েছে।
বিক্ষোভের আয়োজন করেছে পর্তুগালের শিক্ষা–সংশ্লিষ্ট পেশাজীবীদের সংগঠন ইউনিয়ন অব অল এডুকেশন প্রফেশনালস (এসটিওপি)। বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিভিন্ন ব্যানার হাতে স্লোগান দিতে দেখা গেছে। বলা হচ্ছে, বিগত কয়েক বছরের মধ্যে এটাই পর্তুগালে সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা।
পর্তুগালে শিক্ষকেরা সর্বনিম্ন প্রায় ১ হাজার ১০০ ইউরো বেতন পেয়ে থাকেন। এমনকি সবচেয়ে জ্যেষ্ঠ শিক্ষকদের বেতনও প্রতি মাসে দুই হাজার ইউরোর কম। আন্দোলনকারীরা বলছেন, বর্তমানে জীবনযাপনের খরচ বেড়েছে। সেই তুলনায় তাঁদের এ বেতন খুবই কম।
আন্দোলনে অংশ নেওয়া ৬২ বছর বয়সী শিক্ষক মারিয়া দুয়ার্তে বলেন, ‘শিক্ষকদের ন্যায্য বেতন পাওয়া উচিত। কারণ, আমাদের জীবনের সব কিছু দিয়ে কাজটা করি। আর অনেক রাজনীতিকদের মতো আমরা দুর্নীতি বা চুরির সঙ্গেও কখনো জড়িত ছিলাম না।’
আন্দোলনকারীদের অনেকেই কালো পোশাকে ছিলেন। তাঁদের অভিযোগ, সরকার শিক্ষকদের দুর্দশা লাঘবে তেমন কিছুই করেনি। এমনই একজন ৫২ বছর বয়সী শিক্ষক লুসিন্ডা লোপেস। তিনি বলেন, ‘আমাদের প্রাপ্য মর্যাদা আমাদের দিতে হবে। আমাদের যেটা অধিকার, সেটা অবশ্যই আমাদের দিতে হবে।’
গত ডিসেম্বরের শুরু থেকেই পর্তুগালজুড়ে শিক্ষকদের এ বিক্ষোভ চলছে। এতে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। এমন পরিস্থিতিতে গত শুক্রবার দেশটির শিক্ষামন্ত্রী বলেন, ন্যূনতম সেবা দেওয়ার আদেশ জারি করে তিনি কিছু শিক্ষককে কাজে ফেরাতে বাধ্য করতে পারেন।