কিয়েভ এবং ওদেসায় রাশিয়ার ড্রোন হামলা, বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত

ইউক্রেনের দাবি, কিয়েভ এবং ওদেসা শহরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং ওদেসা শহরে কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার ইউক্রেন কর্তৃপক্ষ এমন দাবি করেছে। তারা বলেছে, ড্রোন হামলায় ওদেসা বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন ব্যবহার করে আজভ সাগর থেকে কৃষ্ণসাগর হয়ে ওদেসা অঞ্চলে হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক টেলিগ্রাম পোস্টে বলা হয়, অঞ্চলটির বন্দর ও শিল্প অবকাঠামোকে শত্রুপক্ষ লক্ষ্যবস্তু করেছে। আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রায় তিন ঘণ্টা টানা কাজ করেছে।

আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার বলেন, ড্রোন হামলায় ওদেসা বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ওলেগ কিপার বলেন, হামলার কারণে অঞ্চলটির বন্দর ও শিল্প অবকাঠামোতে আগুন ধরে যায়। একটি এলিভেটর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে কিয়েভের সামরিক প্রশাসন বুধবার সকালে বলেছে, রাজধানী শহরটিতে মঙ্গলবার দিবাগত রাতে রাশিয়ার ছোড়া ১০টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

কিয়েভের প্রশাসনিক প্রধান সেরগি পোপকো বলেন, শহরটি লক্ষ্য করে বিভিন্ন দিক থেকে একযোগে কয়েকটি ড্রোন ছোড়া হয়েছিল। ১০টির বেশি চালকবিহীন বিমান (ড্রোন) শনাক্ত করামাত্রই স্থানীয় আকাশ প্রতিরক্ষা বাহিনী সেগুলো ধ্বংস করেছে।

তাঁর দাবি, রাশিয়া ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে এ হামলা চালিয়েছে। বেশ কিছু এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে।

সেরগি পোপকো আরও বলেন, ড্রোনের কিছু অংশ একটি খেলার মাঠে পড়েছিল। এতে একটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে যান।

এর আগে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, হামলায় রাজধানীর সোলোমিয়ানস্কিসহ বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন তিনি।