সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ
সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ

তুরস্কের আদালতে কারাদণ্ড থেকে রেহাই পেলেন সোমালিয়ার প্রেসিডেন্টের ছেলে, হলো জরিমানা

এক ডাকবাহকের মৃত্যুর ঘটনায় সোমালিয়ার প্রেসিডেন্টের ছেলেকে দোষী সাব্যস্ত করেছেন তুরস্কের আদালত। তবে এ ঘটনায় তাঁর আড়াই বছরের কারাদণ্ড লঘু করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার তুরস্কের একটি আদালত এ রায় দেন।

কৌঁসুলিরা সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের ছেলে মোহাম্মেদ হাসান শেখ মোহামুদকে ছয় বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার জন্য আদালতে অনুরোধ জানিয়েছিলেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গতকাল ইস্তাম্বুলের আদালত তাঁকে ২৭ হাজার ৩০০ তুর্কি লিরা (৯০০ ডলার) জরিমানা করেছেন। তাঁর গাড়িচালকের লাইসেন্সও ছয় মাসের জন্য বাতিল করা হয়েছে। রায় ঘোষণার সময় মোহাম্মেদ আদালতে হাজির ছিলেন না।

গত ৩০ নভেম্বর ইস্তাম্বুলে মোহাম্মেদ হাসান শেখ মোহামুদকে বহনকারী একটি কূটনৈতিক গাড়ির সঙ্গে একটি মোটরাসাইকেলের ধাক্কা লাগে। ডাকবাহক ইউনুস ইমরে গোসের মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। আর গাড়িটি চালাচ্ছিলেন মোহাম্মেদ। ঘটনার ছয় দিন পর গোসেরের মৃত্যু হয়।

এরপর মোহাম্মেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে তার আগে গত ২ ডিসেম্বর তুরস্ক ছাড়েন তিনি। ‘অবহেলার’ কারণে গোসেরের মৃত্যু হয়েছে বলে মোহাম্মেদ হাসান শেখ মোহামুদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

গত সপ্তাহে জবানবন্দি দিতে মোহাম্মেদ তুরস্কে ফিরেছিলেন বলে খবর পাওয়া গেছে। আদালতের কর্মকর্তাদের কাছে জবানবন্দি দেওয়ার পর তাঁর বিরুদ্ধে জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানা ও ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। পরে তিনি ছাড়া পান। বার্তা সংস্থা ডিএইচএর প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

মোহাম্মেদ তাঁর বিরুদ্ধে ওঠা অবহেলাজনিত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, মোটরসাইকেলটি হঠাৎই থেমে গিয়েছিল। এ দুর্ঘটনা এড়ানোর সুযোগ ছিল না।

তবে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, দুই সন্তানের জনক গোসের যানবাহন চলাচলসংক্রান্ত বিধি ভঙ্গ করেননি। তাদের ধারণা, ভুলটা গাড়িচালকেরই ছিল।

গোসেরের বাবা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন। গতকাল আদালতের শুনানি শেষ হওয়ার পর তাঁর আইনজীবী তুগবা আয়দিন সাংবাদিকদের এসব কথা বলেছেন।

এদিকে এ ঘটনায় তুরস্কের কুরিয়ার রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেসুত চেকি বলেন, ‘যেখানে বিপরীত পক্ষের ভুলের মাত্রা ৭৫ ভাগ, সেখানে ২৭ হাজার তুর্কি লিরা দিয়ে একজন মোটরসাইকেল আরোহী ডাকবাহকের জীবনের মূল্য হিসাব করা যায় না।’

তুরস্কের বিচারব্যবস্থার আওতায় কারাদণ্ডকে জরিমানায় রূপান্তরের ঘটনা বিরল।
গোসেরের মৃত্যুর ঘটনায় তুরস্ক ও সোমালিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তিক্ত হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছিল।

গত মাসে হাসান শেখ মোহামুদ বলেছেন, তাঁর চিকিৎসক ছেলে তুরস্ক ছেড়ে পালাননি। তিনি নিজেই তাঁকে আদালতে হাজির হতে বলেছেন।

প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদে বলেছেন, ‘তুরস্ক ভ্রাতৃত্বপূর্ণ দেশ। আমরা আইন, বিচার ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। সোমালিয়ার প্রেসিডেন্ট হিসেবে আমি কখনোই কাউকে দেশের বিচারব্যবস্থা লঙ্ঘন করতে দেব না।’