
ইতালির ডোলোমাইটস পর্বতমালার অজানা এক গুহা খুলে দিয়েছে বরফযুগের দুয়ার। বহু আগে বিলুপ্ত বিশালদেহী গুহাভালুকের কঙ্কালের অবিশ্বাস্য ভান্ডার রয়েছে সেখানে। বিবিসি সম্প্রতি দুর্গম সেই গুহার ভেতরের বিশেষ ছবি প্রকাশ করেছে।
পাহাড়ে চড়ার গাইড কার্ট ওয়ালডে সেদিন ছিলেন ইতালির এই পর্বতমালার প্রায় খাড়া এক ঢালে। ২ হাজার ৮৫০ মিটারের কিছু বেশি উচ্চতায় তাঁর চোখ খুঁজছিল অজানা এক গুহার হদিস।
ওয়ালডে খসে পড়া পাথরে ভরা ঢাল বেয়ে নেমে পৌঁছান পাহাড়ের গায়ের সরু সমতল জায়গায়। তাঁর মনে হয়েছিল, ওখানেই গুহার মুখ মিলবে। তবে সেই আশা ভুল ছিল। ওয়ালডে জানান, সেই মুহূর্তে কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন তিনি। তিনি তবু নিচে নামতে নামতে দড়ির শেষ প্রান্তে পৌঁছান।
ওয়ালডের শরীর সেদিন সকালে ভালো ছিল না। তিনি তবু ২২ কেজি ওজনের ব্যাকপ্যাক কাঁধে নিয়েছিলেন। শেষ কয়েক মিটার পথ তিনি দড়ির সাহায্য ছাড়াই পেরিয়ে গুহার মুখে পৌঁছান।
ওয়ালডের হেডল্যাম্পের আলো গুহার অনেকটা ভেতরে গিয়ে পড়ে বরফযুগের কঙ্কালের এক বিশাল সমাধিক্ষেত্রে। বিশেষজ্ঞরা এগুলোকে ‘আরসাস লাডিনিকাস’ প্রজাতির গুহাভালুকের কঙ্কাল বলে ধারণা করছেন। প্রায় ২৪ হাজার বছর আগে এই প্রজাতি বিলুপ্ত হয়ে যায়।
নতুন গুহাটি ফানেস সেনেস ব্রাইস ন্যাচারাল পার্কের বিখ্যাত কন্টুরিনেস গুহার অপর পাশেই অবস্থিত। এখানে কন্টুরিনেসের চেয়ে অনেক বেশি হাড় রয়েছে। কন্টুরিনেস গুহার আবিষ্কার ১৯৮৭ সালে গুহাভালুক সম্পর্কে মানুষের ধারণা বদলে দিয়েছিল। নতুন এই গুহার আবিষ্কার সেই ধারণা আবারও বদলে দিতে পারে।
কন্টুরিনেসে পাওয়া বিশালদেহী সেই গুহাভালুকগুলোর ওজন ছিল প্রায় ১ হাজার ২০০ কেজি। এগুলো লম্বায় হতো তিন মিটার। ভালুকগুলো শুধু আল্পস অঞ্চলের ভেষজ উদ্ভিদ, পাতা ও ঘাস খেয়ে বাঁচত।
ওয়ালডে ৪১ বছর ধরে পাহাড়ে চড়ার গাইড হিসেবে কাজ করছেন। তাঁর বিশ্বাস ছিল, কন্টুরিনেসে এখনো অনেক কিছু আবিষ্কারের বাকি। সাড়ে তিন বছর আগে পাহাড়ের গায়ে একটি কালো দাগ তাঁর নজর কেড়েছে। জায়গাটি দেখতে ২০২৬ সালের জুলাই মাসে অভিযানে নামেন তিনি।
গুহায় ঢুকেই কন্টুরিনেসের সঙ্গে মিল দেখে চমকে ওঠেন ওয়ালডে। উপহার খোলার আগের আনন্দময় অপেক্ষার অনুভূতিটা তিনি দীর্ঘ করতে চেয়েছিলেন। গুহার প্রথম ৬০ মিটার পথ সোজা চলে গেছে। সেখানে টেবিলের মতো পাথরের স্তরের ওপর রহস্যজনকভাবে পড়ে থাকা একটি হাড় তাঁর চোখে পড়ে।
ওয়ালডে আরও ভেতরে এগিয়ে অসংখ্য হাড় ও খুলির দেখা পান। ঘাড়ের কশেরুকার সঙ্গে যুক্ত একটি খুলিও ছিল এর মধ্যে। তিনি খুব সাবধানে পা ফেলছিলেন। তাঁর মনে হচ্ছিল, একসময় জায়গাটি প্রাণে ভরপুর ছিল।
গবেষকদের ধারণা, কন্টুরিনেসের হাড়গুলোর বয়স ৪৬ থেকে ৫০ হাজার বছর। বিজ্ঞানীরা স্থানীয় লাদিন জনগোষ্ঠীর নামে প্রজাতিটির নাম রেখেছেন আরসাস লাডিনিকাস। গুহার খনিজ স্তরগুলো ৬০ লাখ বছরের জলবায়ুর ইতিহাস ধরে রেখেছে। এসব স্তর অতীতের উষ্ণ আবহাওয়ার প্রমাণ দেয়। সে সময় আবহাওয়া উষ্ণ থাকায় বিচগাছ আরও উঁচু পাহাড়েও জন্মাত।
নতুন গুহায় বিপুলসংখ্যক হাড় ছড়িয়ে রয়েছে। এগুলো বরফযুগের বিভিন্ন প্রাণীর হতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন। বিজ্ঞানীরা আল্পসের অন্যান্য গুহাতেও এর আগে গুহা সিংহ, হায়েনা ও চিতাবাঘের দেহাবশেষ পেয়েছেন।
ওয়ালডে এই আবিষ্কারের খবর জানান ক্রিশ্চিয়ান তেরজারকে। আগস্টের শুরুতে বলজানোর প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক হন তেরজার। গুহার নিদর্শন দূষিত হওয়ার আশঙ্কা তাঁর রাতের ঘুম কেড়ে নেয়। অনধিকার প্রবেশ ঠেকাতে প্রত্নতত্ত্ব বিভাগ হেলিকপ্টারে সরঞ্জাম পাঠায়। কর্মীরা ২০ মিটার ভেতরে একটি ফটক বসান এবং ত্রিপল দিয়ে এলাকাটি সিল করে দেন।