ইউক্রেনে রাশিয়ার অভিযান মনেপ্রাণে সমর্থন করেন ভিক্তর বোট

২৫ বছর যুক্তরাষ্ট্রের কারাবন্দী থাকার পর গত বৃহস্পতিবার মুক্তি পান রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্তর বোট
ছবি: রয়টার্স

বন্দী বিনিময়ের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পাওয়া রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্তর বোট বলেছেন, ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযানকে তিনি মনেপ্রাণে সমর্থন করেন এবং সুযোগ ও প্রয়োজনীয় দক্ষতা থাকলে স্বেচ্ছায় রাশিয়ার হয়ে যুদ্ধ করতেন। গত বৃহস্পতিবার তিনি মুক্ত হন। আর এসব কথা বলেছেন গত শনিবার।

অস্ত্র ব্যবসায়ী ভিক্তর বোটকে অনেকে ‘মার্চেন্ট অব ডেথ’ নামেও ডাকেন। এতদিন তিনি যুক্তরাষ্ট্রের একটি কারাগারে বন্দী ছিলেন। বন্দী বিনিময়ের অংশ হিসেবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র তাঁকে ছেড়ে দেয়। রাশিয়ার কারাগারে থাকা যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে মুক্ত করার বিনিময়ে ভিক্তরকে মুক্তি দেয় যুক্তরাষ্ট্র।

মুক্ত হওয়ার পর গত শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটিকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ভিক্তর বোট। তাঁর বিরুদ্ধে তালেবানের কাছে অস্ত্র বিক্রি এবং তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার অভিযোগ আছে। তবে আরটিকে দেওয়া সাক্ষাৎকারে ভিক্তর সেসব অভিযোগ অস্বীকার করেছেন।  

সাবেক সোভিয়েত ইউনিয়নের সামরিক কর্মকর্তা ভিক্তর ২৫ বছর ধরে যুক্তরাষ্ট্রের কারাগারে ছিলেন। যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার ষড়যন্ত্র, যুদ্ধবিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনাবেচা ও একটি সন্ত্রাসী সংগঠনকে অস্ত্র সরবরাহসহ একাধিক অভিযোগে তাঁকে কারাবন্দী করে যুক্তরাষ্ট্র। ধারণা করা হয়, তাঁর বয়স এখন ৫০ বছর।