রাশিয়ার শাস্তি চান বাইডেন–শলৎজ

জো বাইডেন, ওলাফ শলৎজ
জো বাইডেন, ওলাফ শলৎজ

ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে চড়া মূল্য চুকাতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের এক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চীন যদি রাশিয়াকে কোনো অস্ত্র সরবরাহ করে, তবে দেশটির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে।

গত শুক্রবার বাইডেন ও শলৎজ ওয়াশিংটনে সাক্ষাৎ করেন। একই দিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের জন্য ৪০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার কথা বলা হয়। এর মধ্যে রয়েছে গোলাবারুদ, ট্যাংক ও সাঁজোয়া যান চলাচলের জন্য কৌশলগত সেতু। আগামী বসন্তে রাশিয়ার বাহিনীর আক্রমণ বাড়তে পারে, এমন আশঙ্কায় ইউক্রেনে বাড়তি গোলাবারুদ পাঠানো হচ্ছে।

আগামী দিনগুলোতে ইউক্রেনে নতুন করে রাশিয়ার বাহিনীর হামলা বাড়তে পারে, মার্কিন কর্মকর্তারা এমন আশঙ্কার কথা বলছেন। এর মধ্যেই বাইডেন ও শলৎজ গত শুক্রবার বৈঠক করলেন। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ওয়াশিংটনে দুই নেতা যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ ছাড়া চীন যদি রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে, তাহলে প্রতিক্রিয়া কী হবে, তা নিয়েও আলোচনা করেন তাঁরা।

ওভাল অফিসে দুই নেতার বৈঠকে জার্মানির সামরিক ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় শলৎজের প্রশংসা করেন বাইডেন। এ ছাড়া জ্বালানির ক্ষেত্রে রাশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে বহুমুখী উৎস বেছে নেওয়ায় শলৎজকে ধন্যবাদ জানান তিনি। এদিকে ইউক্রেনকে সমর্থন দিতে অন্য মিত্রদের মধ্যে অচলাবস্থা কাটানোর জন্য দুই নেতা একত্রে কাজ করার কথা বলেন।

বাইডেন বলেন, ‘পশ্চিমা সামরিক জোট ন্যাটো মিত্র হিসেবে আমরা জোটকে আরও শক্তিশালী করে তুলছি।’

বৈঠকে শলৎজ বলেন, কিয়েভকে যত দিন প্রয়োজন, তত দিন সহায়তা করতে মিত্রদের মধ্য একজোট থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল।

চীনের পক্ষ থেকে রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করা হয়েছে। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে মিত্রদের সঙ্গে সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে একটি সূত্র বলেছে, চীন যদি রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে, তবে সম্ভাব্য নিষেধাজ্ঞা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, চীন রাশিয়াকে অস্ত্র দিতে পারে। তবে এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি ওয়াশিংটন।

দুই নেতার বৈঠকের আগে হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যঁ-পিয়েরে বলেন, চীনে এখন পর্যন্ত রাশিয়াকে প্রাণঘাতী কোনো অস্ত্র দিয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি। রাশিয়ার দিকে চীন যতটা পদক্ষেপ নেবে, ততই ইউরোপ ও বিশ্বের অন্য দেশের সঙ্গে তাদের যোগাযোগ আরও কঠিন হয়ে দাঁড়াবে।

এদিকে পৃথক আরেক বিবৃতিতে ইউরোপীয় এক কর্মকর্তা বলেছেন, চীন যদি রাশিয়াকে অস্ত্র দেয়, তার পরিণাম হবে নিষেধাজ্ঞা আরোপ।

চীন বিষয়ে যুক্তরাষ্ট্রের মতো কঠোর অবস্থানে না গেলেও জার্মানি বেইজিংকে সতর্ক করে দিয়েছে। জার্মানির পক্ষ থেকে বেইজিংকে বলা হয়েছে, তারা যেন রাশিয়াকে বলে ইউক্রেন থেকে দ্রুত সেনা সরিয়ে নিতে। শলৎজ সম্প্রতি দেশটির পার্লামেন্টে বলেন, ‘রাশিয়াকে অস্ত্র দেবেন না।’

গত শুক্রবার ইউক্রেনকে ৪০ কোটি মার্কিন ডলার সহায়তা ঘোষণার মধ্য দিয়ে দেশটিকে প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করল যুক্তরাষ্ট্র।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন, ইউক্রেনকে বর্ধিত সামরিক সহায়তা দিয়ে ওয়াশিংটন মস্কোর কৌশলগত পরাজয় ঘটাতে চেয়েছিল। কিন্তু এতে সফলতার কোনো সুযোগ নেই। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের হাতে যেসব বিদেশি অস্ত্র যাবে, তা ধ্বংস করা হবে।

বাখমুতে রাস্তায় রাস্তায় লড়াই চলছে

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের বাখমুত শহরে রাস্তায় রাস্তায় তীব্র লড়াই চলছে। শহরটির নিয়ন্ত্রণ নিতে রাশিয়ার বাহিনী তীব্র হামলা

চালাচ্ছে। এর আগে রাশিয়ার ভাড়াটে সেনা ভাগনার গ্রুপের পক্ষ থেকে শহরটি ঘিরে ফেলার দাবি করা হয়েছিল। যুক্তরাজ্যের গোয়েন্দা তথ্য অনুযায়ী, গতকাল শনিবার ভাগনার গ্রুপ আরও এগিয়েছে। বাখমুতের দুটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়ার বাহিনী তাদের ঘিরে ফেলার চেষ্টা করলেও তারা লড়াই চালিয়ে যাচ্ছে এবং শত্রুদের পিছু হটিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, তারা দনবাসের এই শিল্প নিয়ন্ত্রণ নেওয়ার কাছাকাছি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বাখমুত তাদের দুর্গ। তাঁরা লড়াই চালিয়ে যাবেন।