
পূর্ব ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত এলাকার একটি হাসপাতালে ইউক্রেনীয় বাহিনী উদ্দেশ্যপ্রণোদিত হামলা চালিয়েছে বলে রাশিয়া অভিযোগ করেছে। হামলায় ১৪ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। হতাহতরা রোগী ও হাসপাতালের কর্মী।
হাসপাতালে হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ অভিহিত করেছে রাশিয়া। তবে শনিবার এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইউক্রেন।
এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ নিয়ন্ত্রিত নোভোইদার এলাকার একটি হাসপাতালে হামলাটি চালানো হয়। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে এই হামলা চালানো হয়েছিল।
এতে বলা হয়, ‘একটি পরিচিত চালু থাকা বেসামরিক চিকিৎসা স্থাপনায় ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলা নিঃসন্দেহে কিয়েভ সরকার কর্তৃক সংঘটিত একটি গুরুতর যুদ্ধাপরাধ। এই অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে জবাবদিহির আওতায় আনতে হবে।’
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক ও সামরিক চিকিত্সকেরা বেশ কয়েক মাস ধরে স্থানীয় জনগণ ও সেনাদের চিকিত্সাসেবা প্রদানে হাসপাতালটিতে কাজ করে আসছেন।
এদিকে, শনিবার দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কনস্তানতিনিভকা শহরে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জনেরও বেশি মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আবাসিক এলাকায় রাশিয়ার গোলাবর্ষণে একাধিক বহুতল ভবন, হোটেল, গ্যারেজ ও বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।