তুরস্কে ভূমিকম্প: জীবিতদের এখনো ভয় নিয়ে রাস্তায় বসবাস

তুরস্কে ভূমিকম্প বিধ্বস্ত কাহরামানমারাস শহরে একটি তাঁবুতে বসে আছেন মুহাম্মদ (২৬) নামের এক ব্যক্তি
ছবি: রয়টার্স

এক মাস আগে তুরস্ক–সিরিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মাটির সঙ্গে মিশে গেছে সোনগুল ইউকেসয়ের বাড়ি। এতে গৃহহীন হয়ে পড়েছেন তিনি। তুর্কি নাগরিক সোনগুল আশ্রয় নিয়েছেন বাড়ির সামনের ফুটপাতে। পরিবার নিয়ে সেখানে গড়েছেন অস্থায়ী আবাস। ফুটপাতে বসে তাঁকে দেখা গেল থালাবাসন পরিষ্কার করতে। তবে সোনগুল একা নন, তুরস্কে ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়া অনেককে এখনো পুনর্বাসন করা হয়নি। দুর্বিষহ এক জীবন কাটছে এসব মানুষের।

শক্তিশালী এই ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ জনপদ। সরকারি হিসাবে, তুরস্কে প্রায় ৪৬ হাজার এবং সিরিয়ায় ৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। তবে ভূমিকম্পে মৃত্যুর মুখ থেকে যাঁরা ফিরে এসেছেন, তাঁদের ভবিষ্যত এখন অনিশ্চিত। এসব মানুষের এখন সবচেয়ে বড় সমস্যা নিরাপদে বসবাস করা যায়, এমন কোনো জায়গা খোঁজা। ভূমিকম্পে অন্তত ১৫ লাখ মানুষ গৃহহীন হয়েছে। এসব মানুষকে পুনর্বাসনে আরও ঠিক কত সময় লাগবে, তা ক্ষতিগ্রস্ত মানুষদের কেউই জানেন না।

এদিকে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সংস্থা আফাদ জানাচ্ছে, তুরস্কে যেসব অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে, সেসব এলাকার প্রায় ২০ লাখ বাসিন্দা বর্তমানে দেশের অন্যত্র বন্ধু–স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকা ছেড়ে যাঁরা অন্যত্র যেতে চান, তাঁদের উড়োজাহাজ ও ট্রেনে কোনো ভাড়া দিতে হবে না।

তবে ভূমধ্যসাগর উপকূলবর্তী শহর সামানদাগের বাসিন্দা সোনগুল নিশ্চিত যে তিনি ও তাঁর পরিবার কোথাও যাবেন না। সোনগুল বলেন, ‘এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নতুন করেও যদি বাড়ি ভাঙে আমরা এখানেই থাকব। এটা আমাদের বাড়ি, আমাদের নীড়। আমাদের সব কিছু এখানে। আমরা কোথাও যাচ্ছি না।’  

তুরস্কের হাতায় প্রদেশের আন্তাকিয়া শহরে একটি অস্থায়ী আশ্রয়শিবিরে বসে আছেন সিরিয়া থেকে আসা হুসাইন এলফারাক

সোনগুলের পরিবার এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়া তাঁদের বাড়ির কয়েক গজ সামনে তাঁবু গেড়ে আশ্রয় নিয়েছেন। তিনটি তাঁবুতে থাকছেন তাঁর পরিবারের সব সদস্য। উপযুক্ত কোনো টয়লেট নেই। ধ্বংস হয়ে যাওয়া টয়লেট মেরামত করার চেষ্টা চলছে। গোসল করার জন্য ছোট একটি জায়গা তৈরি করা হয়েছে। তবে সেই গোসলখানায় সোনগুলসহ তাঁর পরিবারের নারী সদস্যদের ব্যক্তিগত সুরক্ষার কোনো বন্দোবস্ত নেই। মাত্র তিনটি তাঁবুতে গাদাগাদি করে থাকতে হচ্ছে সবাইকে।

সোনগুল ও তাঁর পরিবারকে এক মাস যাবৎ এভাবে থাকতে হচ্ছে। ভূমিকম্পে তাঁদের ১৭ জন স্বজনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের পর সোনগুলের বোন তুলারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সরকারি খাতায় তিনি নিখোঁজ। সোনগুল বললেন, ‘আমরা এখনো জানি না সে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কি না। আমরা এ–ও জানি না তাঁর লাশ বের করা হয়েছে কি না। আমরা শুধু তাঁর অপেক্ষায় আছি। এই দোলাচলে আমাদের পরিবার তাঁর জন্য শোকও প্রকাশ করতে পারছে না।’    

ভূমিকম্পে তুরস্কে ১ লাখ ৬০ হাজারের বেশি ভবন ধসে পড়েছে নয়তো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আনুমানিক হিসাবে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় এখনো অন্তত ১৫ লাখ মানুষ আছেন। প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে ধারণা। এসব মানুষের বসবাসের নিরাপদ জায়গা নেই।

তুরস্কের আদিয়ামান শহরে একটি তাঁবুর প্রবেশপথে দাঁড়িয়ে আছে একটি শিশু। সে সিরীয় শরণার্থী মোহাম্মদ আল–কাশিফের ছেলে। পরিবার নিয়ে এই তাঁবুতে বসবাস করছেন আল–কাশিফ

ক্ষতিগ্রস্ত এলাকায় সর্বত্র তাঁবু গেড়ে আশ্রয় নেওয়া মানুষদের দেখা যায়। তবে এরপরেও গৃহহীন মানুষদের জন্য তাঁবু অনেক কম। এদিকে তুরস্কের রেড ক্রিসেন্ট সোসাইটি জনগণের করের টাকায় কেনা কিছু তাঁবু একটি দাতব্য গোষ্ঠীর কাছে বিক্রি করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। এই বিষয়টি অনেকের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। ফলে তাঁবু নিয়েও দেখা দিয়েছে এক ধরনের সংকটের। ভূমিকম্প কবলিত দেশটির বিভিন্ন শহরে এখনো অনেক মানুষ ধসে পড়া ভবনের নিচে বসবাস করছেন।  

তাঁবু আর ধসে পড়া ভবনগুলোয় আশ্রয় নেওয়া এসব মানুষের দিনটা কোনোভাবে কাটলেও রাতের পরিস্থিতি হয়ে ওঠে আরও কঠিন। যেমন বর্তমানে সামানদাগ শহর বিদ্যুৎ–বিচ্ছিন্ন। সৌরবিদ্যুতের এ আলো ভাগাভাগি করে থাকতে হচ্ছে সোনগুলদের। এসব সৌরবিদ্যুৎ সরবরাহ করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা। শরণার্থী সংস্থার লোগো থাকা সৌরবিদ্যুতের কারণে মনে হয়, শরণার্থী না হয়েও এসব মানুষ নিজ দেশে এখন পরবাসী। যদিও সবকিছু খোয়াতে হয়েছে তাঁদের।

চোখ দিয়ে বেয়ে পড়া পানি এক হাত দিয়ে মুছতে মুছতে সোনগুল বললেন, ‘আমি এই বাতিটা এখানে এনে রেখেছি, যাতে সবাইকে দেখা যায়। কারণ, অন্ধকারে আমরা সবাই খুব ভয় পাই। বিদ্যুৎ না থাকা অনেক বড় সমস্যা। এ জন্য ভয়ও বেশি। থেমে থেমে ভূকম্পন আর অন্ধকারে আমরা এখানে রাতে ঘুমাতেও পারি না।’

তুরস্কের ওসমানিয়ে শহরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুদের বিনোদন ও মনোবল বৃদ্ধির চেষ্টায় এক নারী। এক শিশুর মুখ রাঙিয়ে তুলছেন তিনি

সোনগুলের স্বামী সাভাস বলেন, ‘আমরা ছিলাম স্বাধীন ও মুক্ত মানুষ। স্বাধীনভাবে জীবন যাপন করতাম। সবার যাঁর যাঁর বাড়ি ছিল। কিন্তু এখন আমাদের কোনো বাড়ি নেই। তিনটি তাঁবুর একটি ব্যবহার করি খাওয়ার জন্য। একটি তাঁবুতে ঘুমাই। অপরটিতে করি অন্য কাজ। আমাদের এখন এই হাল। আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কী। সব সময় ভয়ে ভয়ে থাকি। ভূমিকম্পে আমাদের বাড়ি ধসে পড়েছে। এখন এভাবে আছি। এরপরে কখন কী হবে আমরা তার কিছুই এখন জানি না।’