
ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে চলছে গণভোট। ভোটাভুটির মধ্য দিয়ে অঞ্চলগুলো মস্কোর অধীনে গেলে সেখানে ‘পূর্ণ সুরক্ষা’ দেওয়া হবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। খবর আল–জাজিরার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। আগের দিন শুক্রবার ইউক্রেনের খারকিভের কিছু অংশ, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে গণভোট শুরু হয়। অঞ্চলগুলোর আংশিক অথবা পুরোটা মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পর ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে লাভরভ বলেন, ‘গণভোটের পরে ওই অঞ্চলগুলোর মানুষ যাঁরা বহু বছর ধরে নব্য–নাৎসিদের হয়রানির শিকার হচ্ছেন, তাঁদের মতামতের প্রতি সম্মান দেখাবে রাশিয়া।’
রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া অঞ্চলগুলো রক্ষায় ক্রেমলিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে হাঁটবে কি না, সাংবাদিকেরা লাভরভকে এমন প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, রাশিয়ার ভূখণ্ড এবং যেসব অঞ্চল ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে যুক্ত হবে, সেখানে পূর্ণ সুরক্ষা দেওয়া হবে।
লাভরভের এই বক্তব্য রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা আরও বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মাত্র কয়েক দিন আগেই গত বৃহস্পতিবার দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া এলাকাগুলো রক্ষায় যেকোনো অস্ত্র ব্যবহার করতে পারেন তাঁরা। এর মধ্যে থাকতে পারে পারমাণবিক অস্ত্রও। এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই ধরনের হুমকি দিয়েছিলেন।
এদিকে পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ও লাভরভের শনিবারের বক্তব্য নিয়ে মুখ খুলেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। এ ধরনের বক্তব্যকে তিনি ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।
দিমিত্র কুলেবা বলেন, ‘ইউক্রেন লড়াই থামাবে না। আমরা পারমাণবিক শক্তিধর সব দেশকে বিষয়টি নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানাব এবং রাশিয়ার এ ধরনের বক্তব্য যে বিশ্বকে ঝুঁকির মুখে ফেলছে, আর তা সহ্য করা হবে না, সেটি পরিষ্কার করতে বলব।’